Image description

জাপানের আইচি-নাগোয়ায় বসতে যাচ্ছে এশিয়ান গেমসের ২০তম আসর। মহাদেশীয় এই ক্রীড়াযজ্ঞে দেশের নাম উজ্জ্বল করতে বাংলাদেশ উশু দলের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। চারজন খেলোয়াড় ও দুজন কর্মকর্তাসহ মোট ছয় সদস্যের এই দলটি আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের সেরাটা দিতে পুরোপুরি প্রস্তুত।

আসন্ন এই প্রতিযোগিতায় সান্দা বা ফাইট ক্যাটাগরিতে রিংয়ে নামবেন শিখা খাতুন, জিন্নাত আক্তার ও সজিব হোসেন। আর তাউলু বা ফর্ম ইভেন্টে নিজেদের নৈপুণ্য দেখাবেন বিপ্লব রুদ্র।

খেলোয়াড়দের উৎসাহ বাড়াতে ও মনোবল শক্ত করতে আজ বাংলাদেশ উশু ফেডারেশনের পক্ষ থেকে এক বিশেষ আর্থিক প্রণোদনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। আশিয়ান গ্রুপের সৌজন্যে অ্যাথলেটদের হাতে এই অর্থ তুলে দেন উশু ফেডারেশনের সভাপতি ও আশিয়ান গ্রুপের ডিএমডি সাইফুল ইসলাম ভূঁইয়া।

দেশের ক্রীড়াবান্ধব পরিবেশকে উশুর মান উন্নয়নের মূল চালিকাশক্তি উল্লেখ করে সাইফুল ইসলাম ভূঁইয়া বলেন, “ক্রিকেট-ফুটবলের পাশাপাশি শারীরিক সুস্থতা ও ভবিষ্যৎ গঠনে উশুকে সারাদেশে জনপ্রিয় করতে ফেডারেশন কাজ করে যাচ্ছে। একটি আধুনিক উশু কমপ্লেক্স গড়ে তোলার মাধ্যমে এই খেলা আরও বহুদদূর এগিয়ে যাবে।” সরকারের পাশাপাশি ব্যবসায়িক প্রতিষ্ঠান ও কর্পোরেট হাউসগুলো এগিয়ে এলে ক্রীড়া ক্ষেত্রে বাংলাদেশ আরও অনেক সাফল্য অর্জন করবে বলে মন্তব্য করেন তিনি।

সীমিত সুযোগের মধ্যেও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে খেলোয়াড়রা তাদের শতভাগ উজাড় করে দেবেন বলে আশাবাদ ব্যক্ত করেন ফেডারেশনের সহ-সভাপতি শহিদুল ইসলাম ভূঁইয়া। তবে ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে আরও বড় সাফল্য পেতে হলে আগে থেকেই দীর্ঘমেয়াদি ন্যাশনাল ক্যাম্প শুরু করার ওপর বিশেষ জোর দেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ও কোচ দিলদার হাসান দিলু।

কঠোর অনুশীলন শেষে দেশের জন্য পদক ছিনিয়ে এনে লাল-সবুজের পতাকা সমুন্নত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন উশু দলের অ্যাথলেটরা। সমস্ত প্রস্তুতি সম্পন্ন করে আগামীকাল ১৬ সেপ্টেম্বর দুপুর ১টা ৩৫ মিনিটে জাপানের উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ উশু দল। প্রতিযোগিতা শেষে আগামী ২৬ সেপ্টেম্বর দলটির দেশে ফিরে আসার কথা রয়েছে।