Image description

সাতক্ষীরার শ্যামনগরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শুভঙ্কর (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার বংশীপুর আজিজুর উকিলের বাড়ির সামনে সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শুভঙ্কর খুলনা জেলার কয়রা উপজেলার মহেশ্বরপুর গ্রামের দুর্গাপদ মণ্ডলের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নিজের বিয়ের জন্য পাত্রী দেখতে শ্যামনগর উপজেলার হরিণনগর গ্রামে আসেন শুভঙ্কর। পাত্রী দেখে মোটরসাইকেলযোগে নিজের বাড়িতে ফেরার পথে বংশীপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বিআরটিসি বাসের (ঢাকা মেট্রো- ব-১১-২০১১) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পাত্রী দেখে ফেরার পথে এমন দুর্ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিউল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ডিআর