শেষ ইনিংসটাকেও স্মরণীয় করে রাখলেন ডিন এলগার। প্রথম শ্রেণির ক্রিকেটে দুই দশকের দীর্ঘ ক্যারিয়ারের শেষ ম্যাচে সেঞ্চুরি করে বিদায় নিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই টেস্ট অধিনায়ক।
কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ানে শনিবার গ্ল্যামরগনের বিপক্ষে এসেক্সের হয়ে ১৮১ বলে ১০৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ৩৯ বছর বয়সী এলগার। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার ৫৭তম সেঞ্চুরি।
দক্ষিণ আফ্রিকার হয়ে ৮৬ টেস্ট খেলা এলগার ২০২৪ সালের জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেন। এরপর এসেক্সের সঙ্গে তিন বছরের চুক্তি করেন তিনি। গত মাসে ঘোষণা দেন, চলতি কাউন্টি চ্যাম্পিয়নশিপ শেষেই প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় জানাবেন।
বিদায়ী ম্যাচে অবশ্য কঠিন পরিস্থিতিতে ছিল এসেক্স। কার্ডিফে গ্ল্যামরগনের প্রথম ইনিংস শেষ হয় ৫০৫ রানে। জবাবে মাত্র ১২৯ রানে অলআউট হয়ে ফলো-অনে পড়ে এসেক্স। প্রথম ইনিংসে এলগারও ফেরেন মাত্র ২ রানে।
এরপর দ্বিতীয় ইনিংসে দলের বিপর্যয় সামাল দেওয়ার দায়িত্ব কাঁধে তুলে নেন এলগার। তার সেঞ্চুরিতে ভর করে তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ৩৩১ রান সংগ্রহ করেছে এসেক্স। ফলে ম্যাচ বাঁচানোর লড়াইয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি।
২০০৬ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় এলগারের। ২৮৪ ম্যাচে ১৯ হাজার ৩৬২ রান করে শেষ হলো তার ক্যারিয়ার। এর মধ্যে রয়েছে ৫৭টি সেঞ্চুরি ও ৭৭টি ফিফটি।
দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে টাইটান্স, ঈগলস ও ফ্রি স্টেটের হয়ে খেলেছেন এলগার। কাউন্টি ক্রিকেটে এসেক্সের আগে সারে ও সমারসেটের প্রতিনিধিত্ব করেছেন তিনি।
দক্ষিণ আফ্রিকার হয়ে ১১ বছরের টেস্ট ক্যারিয়ারে ৩৭.৯২ গড়ে ৫ হাজার ৩৪৭ রান করেছেন এলগার। রয়েছে ১৪টি সেঞ্চুরি। ১৮ টেস্টে দেশকে নেতৃত্বও দিয়েছেন তিনি।
চলতি কাউন্টি চ্যাম্পিয়নশিপেও ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন এলগার। এসেক্সের হয়ে করেছেন তিনটি সেঞ্চুরি। তবে গত মাসে অবসরের ঘোষণা দেওয়ার সময় তিনি জানিয়েছিলেন, পরিবারকে আরও বেশি সময় দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন।
অবসর প্রসঙ্গে এলগার বলেছিলেন, ৩৯ বছর বয়সে ক্যারিয়ারের এই পর্যায়ে পরিবারকে সময় দেওয়াটাই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। তার ভাষায়, এখন ঘরে থাকা এবং সঙ্গী ও সন্তানদের পাশে থাকাই তার জন্য সঠিক সময়।
দীর্ঘ ২০ বছরের প্রথম শ্রেণির ক্যারিয়ারের শেষ অধ্যায় তাই সেঞ্চুরি দিয়েই লিখলেন লড়াকু এই ব্যাটসম্যান।
এমআর




Comments