আফ্রিকা মহাদেশে বসছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আসর। টুর্নামেন্টের ঠিক এক বছর আগে আগামী ১ অক্টোবর সময়সূচি উন্মোচন করা হবে। আইসিসি এবং ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) মিলে এই সূচি উন্মোচন করবে।
১ অক্টোবর দক্ষিণ আফ্রিকার কেপটাউনে সূচি উন্মোচন করা হবে। তখন থেকেই শুরু হবে বিশ্বকাপের এক বছরের কাউন্টডাউন। একই সাথে দর্শকদের জন্য বিশ্বকাপের টিকিটের ব্যালটও ছাড়া হবে। আগামী বছরের অর্থাৎ ২০২৭ সালের ২ অক্টোবর বিশ্বকাপের খেলা শুরু হবে। ফাইনাল হবে ২১ নভেম্বর। দক্ষিণ আফ্রিকার সাথে সহ-আয়োজক হিসেবে থাকছে জিম্বাবুয়ে এবং নামিবিয়া।
এবারের ওয়ানডে বিশ্বকাপে অংশ নেবে ১৪ দল। ২০১৯ এবং ২০২৩ সালের আসরে দলের সংখ্যা ছিল ১০। সেখান থেকে ৪ দল বাড়িয়ে এবার ১৪ দলের বিশ্বকাপ। টুর্নামেন্টে সরাসরি অংশ নেবে ১০ দল। বাকি ৪ দলকে বাছাইপর্ব পার করে আসতে হবে। তিন আয়োজকের মধ্যে দুই আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে বিশ্বকাপে খেলবে সরাসরি, আরেক আয়োজক নামিবিয়াকে বাছাইপর্ব পার করতে হবে।
দুই আয়োজক বাদে আরও ৮টি দল বিশ্বকাপে নিজেদের জায়গা চূড়ান্ত করবে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে বাদে সেরা ৮ দল সরাসরি খেলবে বিশ্বকাপে। বর্তমানের র্যাঙ্কিংয়ে ভারত (১), নিউজিল্যান্ড (২), পাকিস্তান (৪), অস্ট্রেলিয়া (৫), ইংল্যান্ড (৬), শ্রীলঙ্কা (৭), আফগানিস্তান (৮) এবং বাংলাদেশ (৯) – এই ৮ দলই বিশ্বকাপে সরাসরি খেলার দৌড়ে আছে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত র্যাঙ্কিংয়ে আর বদল আসার সম্ভাবনা না থাকার কারণে এরাই সরাসরি যাচ্ছে বিশ্বকাপে।
দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে পার করে আসতে হবে বাছাইপর্ব। ২০১৯ বিশ্বকাপেও বাছাইপর্ব টপকে খেলতে হয়েছিল উইন্ডিজদেরকে। অন্যদিকে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে বাছাইপর্ব উতরাতে না পারাতে খেলাই হয়নি বিশ্বকাপে।
১ অক্টোবর থেকে টিকিটের ব্যালট ছাড়বে আইসিসি। যদিও এখনই টিকিট কিনতে পারবেন না দর্শকরা। ১ অক্টোবর থেকে ব্যালটের জন্য নিবন্ধন করা যাবে। এবারের বিশ্বকাপের ফরম্যাট বদলাচ্ছে। বিষয়টি আগেই এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল আইসিসি। টুর্নামেন্টের ১৪ দল নিশ্চিত হওয়ার পর সবচেয়ে নিচের দিকের র্যাঙ্কিংয়ে থাকা ৩ দল নিয়ে হবে সুপার সিরিজ। সেখানে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলার পর শীর্ষ দল যাবে পরের রাউন্ডে, বাকি দুই দল বাদ যাবে।
দ্বিতীয় রাউন্ডে ১২ দল মিলে খেলবে ৩০ ম্যাচ। যেখানে ৬টি করে দল ২ গ্রুপে ভাগ হয়ে একে অপরের বিরুদ্ধে খেলবে। প্রতি গ্রুপের শীর্ষ ৩টি করে দল এবং দুই গ্রুপ মিলিয়ে পরবর্তী সেরা দল – এই নিয়ে মোট ৭ দল চলে যাবে পরের রাউন্ডে, সুপার সেভেন রাউন্ড।
সুপার সেভেনে ৭ দল একে অপরের বিরুদ্ধে খেলবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। লিগ টেবিলের শীর্ষ চার দল যাবে সেমিফাইনালে। প্রথম স্থানের দল সেমির ম্যাচে খেলবে চতুর্থ স্থানে থাকা দলের বিরুদ্ধে। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে থাকা দল একে অপরের বিরুদ্ধে সেমির ম্যাচ খেলবে। দুই সেমিফাইনালে জয়ী দল মুখোমুখি হবে ফাইনাল ম্যাচে।
সর্বশেষ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আসর বসেছিল ভারতে। ১০ দলের টুর্নামেন্টে ফাইনাল খেলে ভারত এবং অস্ট্রেলিয়া। ফাইনালে ভারতকে চূর্ণ করে বিশ্বকাপের শিরোপা জিতে নেয় অজিরা।
এমআর




Comments