Image description

আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আসন্ন ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত ১৬ সদস্যের দলে অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে। সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন তাওহীদ হৃদয়।

দলে সবচেয়ে বড় চমক রহস্যময় স্পিনার আলিস আল ইসলাম। এশিয়ান গেমসে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেকের পর এবারই প্রথম জাতীয় দলের ওয়ানডে স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনি।

স্পিন বিভাগে আলিসের সঙ্গে রয়েছেন রিশাদ হোসেন, তানভীর ইসলাম ও অভিজ্ঞ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। পেস বিভাগে আছেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম। তবে চোটের কারণে দলে জায়গা হয়নি নাহিদ রানার।

দীর্ঘদিন পর চোট কাটিয়ে দলে ফিরেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। এ ছাড়া ব্যাটিং বিভাগে রয়েছেন সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম ও মোসাদ্দেক হোসেন সৈকত। উইকেটরক্ষক হিসেবে দলে আছেন নুরুল হাসান সোহান।

সূচি অনুযায়ী, আগামী ১৭ অক্টোবর বাংলাদেশ ও জিম্বাবুয়ের ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। ১৯ অক্টোবর জিম্বাবুয়ে খেলবে আফগানিস্তানের বিপক্ষে। ২১ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে ফাইনাল।

বাংলাদেশের স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও আলিস আল ইসলাম।

এনএ