Image description

পেনাল্টি মিসের পাশাপাশি ফাঁকা গোলপোস্ট পেয়েও বল জালে জড়াতে ব্যর্থ হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে পর্তুগিজ মহাতারকার এমন হতাশার দিনেও জয় পেতে সমস্যা হয়নি আল নাসরের। স্বদেশি জোয়াও ফেলিক্সের একমাত্র গোলে নিওম এসসিকে ১-০ ব্যবধানে হারিয়েছে সৌদি আরবের ক্লাবটি।

মঙ্গলবার রাতে সৌদি প্রো লিগের ম্যাচে মাঠে নামেন ৪১ বছর বয়সী রোনালদো। গত মাসে পর্তুগাল দলের ক্যাম্প ছেড়ে আসার ঘটনায় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে নিষেধাজ্ঞা ও জরিমানার মুখে পড়ার পর এটিই ছিল তাঁর প্রথম ম্যাচ। তবে মাঠে নিজের স্বাভাবিক ছন্দে ছিলেন না তিনি।

প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি পায় আল নাসর। স্পট-কিক নিতে এগিয়ে যান রোনালদো। কিন্তু তাঁর জোরালো শট লক্ষ্যভ্রষ্ট হয়ে পোস্টের বাইরে দিয়ে চলে যায়। এটি তাঁর ক্যারিয়ারের ৩৭তম পেনাল্টি মিস। ২২১টি পেনাল্টি থেকে ১৮৪টি গোল করেছেন তিনি।

অন্যদিকে, চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি ১৫০টি পেনাল্টি থেকে গোল করেছেন ১১৫টি। অর্থাৎ, মেসির পেনাল্টি মিসের সংখ্যা ৩৫টি।

দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে আরও একটি সহজ সুযোগ নষ্ট করেন রোনালদো। সতীর্থ সাদিও মানের হেড থেকে বল পেয়ে সামনে ফাঁকা গোলপোস্ট পেয়েছিলেন তিনি। কিন্তু ঠিকমতো শট নিতে না পারায় বল ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। এ ঘটনায় হতাশা প্রকাশ করেন পর্তুগিজ তারকা।

রোনালদোর ব্যক্তিগত ব্যর্থতা সত্ত্বেও ম্যাচের ৬১তম মিনিটে জোয়াও ফেলিক্সের গোলে জয় নিশ্চিত করে আল নাসর।

এর আগে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পর্তুগিজ ফুটবল ফেডারেশন রোনালদোকে ৩০ দিনের নিষেধাজ্ঞা ও ২১৫ পাউন্ড জরিমানা করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এই শাস্তির কারণে জাতীয় দলের কোনো আনুষ্ঠানিক ম্যাচে তাঁকে মাঠের বাইরে থাকতে হবে না বলে জানানো হয়। আগামী নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে ডেনমার্ক ও ওয়েলসের বিপক্ষে পর্তুগালের হয়ে তাঁর খেলার কথা রয়েছে।

এনএ