দীর্ঘ ১৩ বছরের টেস্ট ক্যারিয়ারের সমাপ্তি টানলেন ভারতের অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামি। টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেও ওয়ানডে ও টি-টোয়েন্টিসহ সাদা বলের ক্রিকেট চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
শুক্রবার (৬ নভেম্বর) নিজের টেস্ট অভিষেকের ১৩ বছর পূর্তির দিন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে অবসরের বিষয়টি জানান শামি।
২০১৩ সালের ৬ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল এই ভারতীয় পেসারের। প্রথম ম্যাচেই বল হাতে নিজের সামর্থ্যের জানান দেন তিনি। ১১৮ রান খরচায় শিকার করেন ৯ উইকেট, যা এখনো টেস্ট ক্যারিয়ারে তার সেরা বোলিং পরিসংখ্যান।
ভারতের হয়ে ৬৪টি টেস্ট ম্যাচ খেলেছেন শামি। এসব ম্যাচে তার ঝুলিতে জমা হয়েছে ২২৯ উইকেট। ভারতের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় তার অবস্থান ১২তম। আর ভারতীয় পেসারদের মধ্যে রয়েছেন ষষ্ঠ স্থানে। টেস্টে ছয়বার ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নেওয়ার কৃতিত্বও রয়েছে তার।
২০২৩ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের হয়ে সর্বশেষ টেস্ট খেলেছিলেন শামি।
অবসরের ঘোষণায় নিজের দীর্ঘ ক্রিকেটীয় পথচলার স্মৃতিচারণা করেছেন তিনি। শামি বলেন, ১৩ বছরের এই যাত্রায় টেস্টের ক্যাপ ও বলই তাকে আজকের মোহাম্মদ শামি হিসেবে গড়ে তুলেছে। ক্যারিয়ারে অনেক চড়াই-উতরাই, চোট ও কঠিন সময় পার করতে হয়েছে। তবে দেশের জার্সির সম্মান রক্ষায় প্রতিবারই ঘুরে দাঁড়িয়েছেন।
এ দীর্ঘ যাত্রায় অবদান রাখা কোচ, ট্রেইনার, ফিজিও ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। বিশেষভাবে ধন্যবাদ জানান ভক্তদের, যাদের ভালোবাসা ও সমর্থন তাকে অনুপ্রেরণা জুগিয়েছে।
টেস্ট থেকে সরে দাঁড়ালেও ক্রিকেটের অন্য সংস্করণে খেলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন শামি। তার ভাষ্য, আইপিএল কিংবা ঘরোয়া ক্রিকেটে সাদা বলের খেলায় তাকে দেখা যাবে। ফিটনেস ভালো থাকলে দীর্ঘ সংস্করণের ক্রিকেটেও খেলতে পারেন, তবে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে আর ফিরবেন না।
উল্লেখ্য, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে ভারতের জাতীয় দলের হয়ে আর মাঠে নামার সুযোগ হয়নি শামির। দীর্ঘদিন চোট ও ফিটনেস সমস্যার সঙ্গে লড়াইয়ের পর ২২৯ উইকেট নিয়ে শেষ হলো তার টেস্ট অধ্যায়।
বিএইচ



Comments