Image description

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মাদক ব্যবসার প্রতিবাদ করা ও মাদক কারবারিদের পুলিশে ধরিয়ে দেওয়ার জেরে আবুল কালাম (৩৫) নামে এক আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যের ওপর ভয়াবহ সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। হামলায় তাঁর হাত-পা ভেঙে ডান পায়ের রগ কেটে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার উত্তর মাসাবো এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত আবুল কালাম গ্রামে ছুটিতে এসে এ হামলার শিকার হন। বর্তমানে তিনি ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন।

আহত পুলিশ সদস্যের পরিবারের সদস্যরা জানান, আবুল কালাম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার বিরুদ্ধে সোচ্চার ছিলেন। গত মাসে উত্তর মাসাবো এলাকার চিহ্নিত দুজন মাদক কারবারিকে পুলিশে ধরিয়ে দিতে সহায়তায় করেন তিনি। এরপর থেকেই মাদক চক্রের সদস্যরা তাঁকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিল।

বৃহস্পতিবার রাতে আবুল কালাম নিজ বাড়িতে অবস্থানকালে শাহজালাল নামে এক ব্যক্তি তাঁকে ফোন করে ডেকে বের করেন। পূর্বপরিকল্পিতভাবে শাহজালালসহ ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র দল তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে।

নিহাত কালামের বাবা আব্দুল মালেক অভিযোগ করে বলেন, “সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে আমার ছেলের ডান হাত ও বাম পা ভেঙে গুঁড়িয়ে দেয়। সে যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়লে রামদা দিয়ে তার ডান পায়ের রগ কেটে দেয় হামলাকারীরা।”

পরবর্তীতে কালামের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। দ্রুত তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, এপিবিএন সদস্য আবুল কালাম ছুটিতে বাড়িতে এসে মাদক কারবারিদের দ্বারা হামলার শিকার হয়েছেন। পুলিশ ইতোমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করতে অভিযান পরিচালনা করছে।

ডিআর