রায়গঞ্জে ‘সেচের নামে ধান আদায় বন্ধে’ পাম্প মালিক-অপারেটরদের নিয়ে সভা
সিরাজগঞ্জের রায়গঞ্জে সেচ সুবিধার বিনিময়ে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত ধান আদায়ের প্রথা বন্ধে সেচ পাম্পের মালিক ও অপারেটরদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলা অডিটোরিয়াম হলরুমে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) যৌথ উদ্যোগে ‘সেচের বিনিময়ে ধান নয়’ শীর্ষক এ সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল খালেক পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা বিএডিসি কর্মকর্তা আনন্দ বর্মন। সভায় উপজেলার বিভিন্ন এলাকার বিদ্যুৎচালিত সেচ পাম্পের মালিক, ব্যবস্থাপক ও অপারেটররা অংশ নেন।
সভায় ‘সেচের বিনিময়ে ধান নয়’ নীতির কঠোর বাস্তবায়ন, কৃষকদের স্বার্থ সংরক্ষণ এবং সামগ্রিক সেচ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনার ওপর বিশদ আলোচনা করা হয়। এ সময় বক্তারা সেচের অজুহাতে কৃষকদের কাছ থেকে ধান কেটে নেওয়ার প্রচলিত রীতি অবিলম্বে বন্ধ করা, সেচ কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখা এবং সরকারি নিয়মনীতি মেনে চলার বিষয়ে সর্বোচ্চ গুরুত্বারোপ করেন।
এ ছাড়া স্থানীয় সেচ ব্যবস্থাপনায় বিরাজমান বিভিন্ন সমস্যা ও তা নিরসনে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
এনআর




Comments