Image description

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের সঙ্গে চরম উত্তেজনার মধ্যেই মাটির নিচে নির্মিত নিজেদের নতুন একটি বিশাল মিসাইল ঘাঁটি উন্মোচন করেছে ইরান। দেশটির চৌকস বাহিনী ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি) বুধবার এই সামরিক ঘাঁটির তথ্য সামনে নিয়ে আসে।

ঘাঁটিটি উন্মোচনের সময় সেখানে উপস্থিত ছিলেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুল রহমান মৌসাভি এবং বিপ্লবী গার্ডের এরোস্পেস বিভাগের প্রধান সায়েদ মাজেদ মৌসাভি। সামরিক বাহিনীর এই দুই শীর্ষ কর্মকর্তা সেখানে বিপ্লবী গার্ডের মিসাইল সক্ষমতা ও যুদ্ধপ্রস্তুতি পর্যবেক্ষণ করেন। এছাড়া অন্যান্য উচ্চপদস্থ কমান্ডারদেরও এ বিষয়ে বিস্তারিত অবহিত করা হয়।

ঘাঁটি পরিদর্শন শেষে সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুল রহমান মৌসাভি বলেন, “শত্রুদের যেকোনো পদক্ষেপ মোকাবিলায় আমরা পুরোপুরি প্রস্তুত। গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর আমরা আমাদের রণকৌশলে বড় পরিবর্তন এনেছি। আমরা এখন ‘প্রতিরক্ষামূলক’ অবস্থান থেকে সরে এসে ‘আক্রমণাত্মক’ অবস্থান গ্রহণ করেছি।”

তিনি আরও জানান, ইরান এখন দ্রুততম সময়ে এবং বৃহৎ পরিসরে অভিযান পরিচালনার পদ্ধতি অনুসরণ করছে। একইসঙ্গে অসম যুদ্ধ এবং প্রতিপক্ষের সামরিক কৌশলকে চূর্ণ করার কৌশল অবলম্বন করা হচ্ছে।

সম্প্রতি ইরানের আশপাশে যুদ্ধজাহাজসহ ব্যাপক সেনার উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। যদিও দুই দেশ আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে, তবে শঙ্কা করা হচ্ছে আলোচনা ব্যর্থ হলে মার্কিন বাহিনী ইরানে হামলা চালাতে পারে।

এমন পরিস্থিতির প্রেক্ষাপটে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি এবার যুক্তরাষ্ট্র কোনো ধরনের হামলা চালায়, তবে তার প্রভাবে পুরো অঞ্চলে ভয়াবহ যুদ্ধ শুরু হবে।

সূত্র: ফার্স নিউজ

মানবকণ্ঠ/ডিআর