বুধবার (২৬ আগস্ট) ভোর থেকেই রাজধানী ঢাকায় শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। টানা বর্ষণে স্থবির হয়ে পড়েছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। রাজধানীর মিরপুরসহ বিভিন্ন এলাকায় সড়কে পানি জমতে শুরু করায় সকালে অফিসগামী ও শ্রমজীবী মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, ভোররাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিপাত মাঝে কিছুটা কমলেও পরবর্তীতে আবারও তীব্র বেগে শুরু হয়। আকাশ এখনো মেঘাচ্ছন্ন এবং অনেক এলাকায় থেমে থেমে বৃষ্টি অব্যাহত রয়েছে। জলাবদ্ধতার কারণে সড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে, ফলে জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষদের দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা গেছে বাসস্ট্যান্ড ও চায়ের দোকানগুলোতে।
বৃষ্টির কারণে রাজধানীর নিচু এলাকার সড়কগুলোতে পানি জমে যাওয়ায় বিপাকে পড়েছেন পথচারী ও রিকশা চালকরা। বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে একদিকে যেমন গণপরিবহনের সংকট দেখা দিয়েছে, অন্যদিকে গন্তব্যে পৌঁছাতে গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া।
আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকার আকাশ এখনো মেঘাচ্ছন্ন এবং দিনের বাকি সময়েও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ডিআর




Comments