পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কারাবন্দি ইমরান খানকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) ভোরে শারীরিক পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।
২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে থাকা ৭৩ বছর বয়সি ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছেন তার সমর্থক ও আইনজীবীরা। বিশেষ করে তার ডান চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়ার দাবি করা হয়েছে।
পিটিআই জানিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশের পর আদিয়ালা কারাগার থেকে ইমরান খানকে হাসপাতালে নেওয়া হয়েছে। চলতি সপ্তাহে আদালত তাকে ৪৮ ঘণ্টার মধ্যে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন। একই সঙ্গে তার ব্যক্তিগত চিকিৎসকসহ একটি মেডিকেল প্যানেলকে তার স্বাস্থ্য পরীক্ষা করার সুযোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
তবে পাকিস্তান সরকার জানিয়েছে, চিকিৎসা প্রতিবেদনে ইমরানের এমন কোনো শারীরিক সমস্যা পাওয়া যায়নি, যার জন্য জরুরি চিকিৎসা প্রয়োজন।
ইমরানের দল অবশ্য তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগের কথা জানিয়ে আসছে। পিটিআইয়ের মুখপাত্র জুলফিকার বুখারি রয়টার্সকে বলেছেন, সুপ্রিম কোর্টের আদেশ দলটির জন্য ‘নতুন আশার আলো’। তবে ইমরানের সঙ্গে সাক্ষাতের সুযোগ, মামলাগুলোর দ্রুত শুনানি ও তার মুক্তির দাবিতে দেশব্যাপী আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন তিনি।
পিটিআই জানিয়েছে, আগামী ২৭ সেপ্টেম্বর দেশব্যাপী পদযাত্রার কর্মসূচি রয়েছে।
২০২২ সালে প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারিত হওয়ার পর ইমরান খানের সঙ্গে পাকিস্তানের সামরিক প্রতিষ্ঠানের বিরোধ তীব্র হয়। ২০২৩ সাল থেকে তিনি কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ইমরান এসব মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করলেও পাকিস্তান সরকার তা অস্বীকার করে আসছে।
সূত্র: রয়টার্স
এসএস




Comments