Image description

যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ডিসক্রল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। একাধিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনএন।

সূত্রগুলো বলছে, সম্প্রতি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে মতবিরোধের পর ডিসক্রলের পদত্যাগের বিষয়টি অনেকটাই প্রত্যাশিত ছিল।

মার্কিন সেনাবাহিনীর একটি সূত্র জানিয়েছে, ড্যান ডিসক্রল প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সেনাবাহিনীর বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করার পর আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।

হোয়াইট হাউজের মুখপাত্র অ্যানা কেলি এক বিবৃতিতে বলেন, ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ কর্মসূচি বাস্তবায়নে ডিসক্রল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি বিভিন্ন সামরিক অভিযান ও আন্তর্জাতিক আলোচনাতেও নেতৃত্ব দিয়েছেন।

ড্যান ডিসক্রল ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের দীর্ঘদিনের বন্ধু হিসেবে পরিচিত। চলতি বছরের শুরুতে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করার পর থেকেই তাদের মধ্যে মতবিরোধের খবর প্রকাশ্যে আসে।

এ বিষয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। তবে ডিসক্রলের পদত্যাগের বিস্তারিত কারণ নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

সূত্র: সিএনএন ও দ্য ওয়াল স্ট্রিট জার্নাল

এসএস