Image description

আগামী দুই দিন দেশের আট বিভাগের অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় প্রকাশিত পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসেও একই ধরনের পরিস্থিতি বজায় থাকতে পারে। এরপর একদিন বৃষ্টিপাত কিছুটা বাড়লেও ধীরে ধীরে এর প্রবণতা কমে আসবে।

এদিকে গত ২৪ ঘণ্টায় (বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত) দেশের সর্বোচ্চ ১৪১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নেত্রকোনায়। এছাড়া হাতিয়ায় ১৪০ মিলিমিটার, কক্সবাজারে ১৩৬ মিলিমিটার, সিলেটে ১২৭ মিলিমিটার এবং ঢাকায় ৫০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।