Image description

জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে পরিবারের সদস্যদের সঙ্গে অসদাচরণের অভিযোগে বাবাকে পুলিশে দিয়েছেন ছেলে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলা পরিষদ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দণ্ড দেন আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মো. জুবায়ের।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি আরিফ বেপারী (৩৮)। তিনি ইসলামপুর পৌর শহরের বেপারীপাড়া এলাকার মুলাইম খান বেপারীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আরিফ দুই ছেলে ও দুই মেয়ের বাবা। প্রায় তিন মাস আগে তার স্ত্রী মারা যান। দীর্ঘদিন ধরে তিনি মাদক সেবন করে আসছিলেন। পরিবারের সদস্যরা মাদক সেবনে বাধা দিলেও তিনি তা মানতেন না। বরং মাদক সেবনের পর পরিবারের সদস্যদের সঙ্গে বিভিন্ন বিষয়ে বিরোধে জড়িয়ে পড়তেন।

রোববার বিকেলে নিজ বাড়িতে মাদক সেবন করে পরিবারের সদস্যদের সঙ্গে বেপরোয়া আচরণ করেন আরিফ। এতে অতিষ্ঠ হয়ে তার ছেলে মোহন বেপারী ইসলামপুর থানায় খবর দেন।

খবর পেয়ে ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. জুনায়েদ হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে আরিফকে আটক করে।

পরে উপজেলা পরিষদ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। আদালত মাদক সেবন ও পরিবারের সদস্যদের সঙ্গে অসদাচরণের দায়ে আরিফকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এ সময় তার বাবা মুলাইম খান বেপারী, মা মোছা. আলেমা ও ছেলে মোহন বেপারী উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ইউএনও শাহ মো. জুবায়ের বলেন, মাদক সেবন করে পরিবারের সদস্যদের সঙ্গে অসদাচরণের দায়ে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

ইসলামপুর থানার এসআই মো. জুনায়েদ হাসান জানান, কারাদণ্ডপ্রাপ্ত আরিফ বেপারীকে রাতেই জামালপুর জেলা কারা কর্তৃপক্ষের কাছে সোপর্দ করা হয়েছে।

এসএস