ডার্ক ওয়েবে অন্তত ৬০ লাখ বাংলাদেশি চাকরিপ্রার্থীর সিভি বিক্রির বিজ্ঞাপন দেওয়ার দাবি করেছে ‘মাদারাক্স’ নামের একটি হ্যাকার গ্রুপ। এসব তথ্য চাকরির ওয়েবসাইট বিডিজবস থেকে নেওয়া হয়েছে বলেও দাবি করেছে তারা। তবে হ্যাকারদের এ দাবি প্রত্যাখ্যান করেছে বিডিজবস।
রোববার (২৩ আগস্ট) ডার্ক ওয়েবের একটি ফোরামে ওই বিজ্ঞাপন প্রকাশ করা হয়। সেখানে হ্যাকার গ্রুপটি দাবি করে, তাদের কাছে থাকা তথ্যভান্ডারে চাকরিপ্রার্থীদের নাম, ফোন নম্বর, ঠিকানা, ই-মেইল, শিক্ষাগত যোগ্যতা, চাকরির অভিজ্ঞতা ও প্রশিক্ষণসহ বিভিন্ন ব্যক্তিগত ও পেশাগত তথ্য রয়েছে।
দাবির পক্ষে ১৪৮টি সিভির নমুনাও প্রকাশ করেছে গ্রুপটি। এসব সিভি বিশ্লেষণ করে দেখা গেছে, বেশির ভাগই পুরোনো। এর মধ্যে ২০১১ থেকে ২০১৭ সালের মধ্যে সর্বশেষ হালনাগাদ করা সিভির সংখ্যাই বেশি।
হ্যাকারদের বিজ্ঞাপন অনুযায়ী, পুরো ডেটাসেটের দাম ১ হাজার মার্কিন ডলার। সর্বোচ্চ পাঁচজন ক্রেতার কাছে এসব তথ্য বিক্রি করা হবে বলেও উল্লেখ করা হয়েছে। অর্থ লেনদেনের জন্য পেটিএম, ওয়াইজ, পে-ইউ ও বাইন্যান্সের মতো প্ল্যাটফর্ম ব্যবহারের কথা জানিয়েছে তারা।
হ্যাকারদের এই দাবিকে বিভ্রান্তিকর ও অসত্য বলে উল্লেখ করেছে বিডিজবস। এক অফিসিয়াল বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের ওয়েবসাইটের নিরাপত্তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়াই বিভিন্ন তথ্য ছড়ানো হচ্ছে।
বিডিজবসের দাবি, ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তাকে তারা সর্বোচ্চ গুরুত্ব দেয়। তাদের নিরাপত্তা ও নিয়ন্ত্রণ ব্যবস্থায় ব্যবহারকারীর প্রোফাইল কারা দেখতে পারবেন, সেটি ব্যবহারকারী নিজেই নির্ধারণ করতে পারেন।
প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, নিবন্ধিত নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো নিজেদের অ্যাকাউন্টের মাধ্যমে চাকরিপ্রার্থীদের তথ্য দেখতে পারে। কোনো নিয়োগকারী প্রতিষ্ঠান এসব তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রির চেষ্টা করেছে এবং তা প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে ডার্ক ওয়েবে প্রচারিত ৬০ লাখ সিভির তথ্য সত্যিই বিডিজবস থেকে নেওয়া হয়েছে কি না, কিংবা পুরো ডেটাসেটটি আসল কি না—এ বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
বিডিজবস ব্যবহারকারীদের যাচাই-বাছাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কোনো তথ্য বিশ্বাস বা শেয়ার না করার আহ্বান জানিয়েছে।
এসএস




Comments