বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে স্পেন। ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামালের ব্যক্তিগত জীবনও আলোচনায় এসেছে। গ্যালারিতে উপস্থিত তার তিন বছর বয়সী ছোট ভাই কেইনের হাসি-উচ্ছ্বাস দর্শকদের নজর কাড়ে এবং মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
কেইনের জন্ম ২০২২ সালের সেপ্টেম্বরে। দুই ভাইয়ের মা একই হলেও তাদের বাবা ভিন্ন। বয়সের ব্যবধানও ১৫ বছরের বেশি। ছোটবেলায় ইয়ামালের বাবা-মায়ের বিচ্ছেদের পর তিনি মূলত মায়ের কাছেই বড় হয়েছেন। পরে তার মা নতুন সংসার শুরু করলে জন্ম নেয় ছোট ভাই কেইন।
নিজের কঠিন শৈশবের কথা স্মরণ করে ইয়ামাল বলেন, “আমি এমন একটি ঘর থেকে এসেছি, যেখানে রান্নাঘর আর শোবার ঘর একই জায়গায় ছিল। আজ আমি আমার মাকে সুখী দেখছি। সবচেয়ে বড় আনন্দ হলো, আমার ভাই সেই শৈশবটা পাচ্ছে, যা আমি কখনো পাইনি।”
বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ হওয়ার পরও ইয়ামাল গোল বা কৌশল নিয়ে নয়, কথা বলেছেন পরিবারকে নিয়ে। আবেগঘন কণ্ঠে তিনি বলেন, “আমার ছোট ভাইকে এতটা খুশি দেখতে পেয়ে আমি আবেগাপ্লুত। আমার মা ও বন্ধুদের স্বপ্নের মতো জীবন কাটাতে দেখে খুব ভালো লাগে। আমার ছোট ভাইই আমার সব। আমি তাকে এতটাই ভালোবাসি, মনে হয় সে যেন আমার নিজের সন্তান।”




Comments