Image description

সদ্য সমাপ্ত লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) দর্শকদের আশানুরূপ সাড়া না পেয়ে আসন্ন ভারত সিরিজের ব্যাপারে কোনো ঝুঁকি নিতে চাইছে না শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। ভারতের মতো বড় দলের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ হলেও গ্যালারি পূর্ণ রাখতে আগেভাগেই দর্শকদের জন্য ফ্রি টিকিটের ঘোষণা দিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড।

আগামী ১৫ আগস্ট গলে শুরু হবে স্বাগতিক শ্রীলঙ্কা ও সফরকারী ভারতের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি। এরপর ২৩ আগস্ট কলম্বোতে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। শ্রীলঙ্কা ক্রিকেটের ঘোষণা অনুযায়ী, এই দুই মাঠেই দর্শকরা বিনামূল্যে বসে খেলা দেখার সুযোগ পাবেন।

এক বিবৃতিতে এসএলসি জানায়, “শ্রীলঙ্কা ও ভারতের মধ্যকার আসন্ন টেস্ট সিরিজে দর্শকদের জন্য বিনামূল্যে মাঠে প্রবেশের ব্যবস্থা থাকবে। এর ফলে ক্রিকেটপ্রেমীরা সরাসরি মাঠে বসে বিশ্বমানের টেস্ট ক্রিকেট দেখার চমৎকার সুযোগ পাবেন। দেশের সকল ক্রিকেট অনুরাগী, উদীয়মান তরুণ ক্রিকেটার, পরিবার ও ক্রীড়াপ্রেমীদের এই সুযোগ নিতে এবং আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটের রোমাঞ্চ উপভোগ করতে সাদর আমন্ত্রণ জানানো হচ্ছে।”

স্টেডিয়ামে প্রবেশের নির্দেশনায় বলা হয়েছে, গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ৪ নম্বর গেট দিয়ে প্রবেশ করতে দর্শকদের কোনো টিকিট লাগবে না। অন্যদিকে, কলম্বোতে ৩, ৪, ৫ ও ৭ নম্বর গেট দর্শকদের জন্য উন্মুক্ত রাখা হবে।

শ্রীলঙ্কায় নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, আফগানিস্তান কিংবা বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে গ্যালারি উন্মুক্ত রাখা নিয়মিত ঘটনা হলেও ভারতের মতো হাই-ভোল্টেজ সিরিজে সাধারণত টিকিটের ব্যবস্থা থাকে। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এলপিএলে শুরুতে টিকিটের ব্যবস্থা থাকলেও গ্যালারি শূন্য থাকায় মাঝপথে তা ফ্রি করে দিয়েছিল আয়োজকরা। সেই তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই ভারত সিরিজে গ্যালারি উন্মুক্ত রাখার সিদ্ধান্ত নিল লঙ্কান বোর্ড।

মানবকণ্ঠ/ডিআর