আগামী অক্টোবরে ঢাকায় বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। তবে এই মেগা ইভেন্ট আয়োজনের জন্য বড় অঙ্কের অর্থ বরাদ্দে অপারগতা প্রকাশ করেছে সরকার। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সাফ জানিয়ে দিয়েছেন, একটি ম্যাচের পেছনে এত বিপুল অর্থ ব্যয় করার মতো মানসিকতা বা পরিস্থিতি সরকারের নেই।
মঙ্গলবার (২৫ আগস্ট) ঢাকায় বক্সিং ফেডারেশন আয়োজিত কোচিং ট্রেনিংয়ের সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী সরকারের এই অবস্থানের কথা জানান।
তিনি বলেন, “বর্তমানে আমাদের বিদ্যুৎ ও জ্বালানি খাতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে অনেক বেশি ব্যয় বহন করতে হচ্ছে। দেশের এই অর্থনৈতিক বাস্তবতায় একটি ম্যাচকে উপলক্ষ করে সরকারের পক্ষ থেকে বড় অঙ্কের অর্থ ব্যয় করার মতো মানসিকতা আমাদের নেই।”
তবে বাফুফের জন্য আশার আলো একদম নিভে যায়নি। আমিনুল হক যোগ করেন, “বাফুফে যদি বিভিন্ন স্পনসর প্রতিষ্ঠানের মাধ্যমে প্রয়োজনীয় অর্থের সংস্থান করতে পারে, তবে সরকার অন্যান্য সব ক্ষেত্রে সার্বিক সহযোগিতা প্রদান করবে।”
ব্রাজিলের এই সফর নিয়ে বাফুফের সঙ্গে আলোচনার বিষয়ে তিনি বলেন, “বিষয়টি এখনো একদম প্রাথমিক পর্যায়ে রয়েছে। বাফুফে সভাপতির সঙ্গে আমার প্রাথমিক কথা হয়েছে, তবে ব্যয়ভার বহনসহ আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে বিস্তারিত কোনো আলোচনা এখনো হয়নি। এমনকি তারা আদৌ বাংলাদেশে আসবে কি না, সে বিষয়েও এখনো স্পষ্ট কোনো বার্তা নেই।”
ব্রাজিল বাংলাদেশে এলে দেশের ফুটবলের কতটা উন্নতি হবে—এমন প্রশ্নের জবাবে কিছুটা সংশয় প্রকাশ করেন ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি বলেন, “ব্রাজিল টিম বাংলাদেশে এসে খেলাটা আমাদের জন্য বড় অর্জন হতে পারে। দর্শকরা আনন্দিত হবেন, মানুষের প্রত্যাশা পূরণ হবে—কিন্তু তাদের একটি ম্যাচে খেলে যাওয়াতেই বাংলাদেশের ফুটবলে আমূল পরিবর্তন আসবে, এই বিষয়ের সঙ্গে আমি একমত নই।”
উল্লেখ্য, এর আগে বাফুফে জানিয়েছিল যে ব্রাজিল প্রীতি ম্যাচ খেলার আগ্রহ প্রকাশ করেছে এবং এই আয়োজনের বিশাল ব্যয় মেটাতে তারা সরকারের সহযোগিতার প্রত্যাশা করছে। তবে ক্রীড়া প্রতিমন্ত্রীর আজকের বক্তব্যের পর এখন স্পন্সর সংগ্রহের মাধ্যমেই এই ম্যাচ আয়োজনের পথে এগোতে হবে বাফুফেকে।
ডিআর




Comments