Image description

সিরাজগঞ্জের সলঙ্গায় আত্মসমর্পণকারী তিন জেলার ৬৫ জন চরমপন্থির দেওয়া তথ্য এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১২ (এসআরবি-১২)।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুলে এসআরবি-১২-এর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত ডিআইজি ও এসআরবি-১২-এর অধিনায়ক আতিকুর রহমান মিয়া।

উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের মধ্যে রয়েছে ১০৩টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১ হাজার ১৩৬ রাউন্ড তাজা গুলি, ১৫টি ম্যাগাজিন, ৯৫টি দেশীয় অস্ত্র এবং ৮টি ওয়াকিটকি।

সংবাদ সম্মেলনে অধিনায়ক আতিকুর রহমান মিয়া জানান, সিরাজগঞ্জের তাড়াশ, উল্লাপাড়া ও সলঙ্গা এবং পাবনা জেলার সাঁথিয়া ও আতাইকুলা এলাকা থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা অস্ত্রগুলো আত্মসমর্পণকারী চরমপন্থিদের হেফাজতে ছিল।

তিনি আরও জানান, গত ১ নভেম্বর সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের উপস্থিতিতে তিন জেলার ৬৫ জন চরমপন্থি এসআরবি-১২-এর কাছে আত্মসমর্পণ করেন। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এসএ