ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ রেলস্টেশনে চালককে না পেয়ে প্রায় দেড় ঘণ্টা আটকে ছিল রাজশাহীগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন। এ ঘটনায় যাত্রীদের মধ্যে চরম ভোগান্তি ও উত্তেজনার সৃষ্টি হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস (১৬১ আপ) মোবারকগঞ্জ রেলস্টেশনে পৌঁছানোর পর এ ঘটনা ঘটে।
যাত্রীদের অভিযোগ, ট্রেনটি স্টেশনে থামার পর চালক ইঞ্জিন থেকে নেমে চলে যান। নির্ধারিত সময় পার হলেও ট্রেন ছেড়ে না যাওয়ায় বিষয়টি জানাজানি হয়। পরে যাত্রীরা প্ল্যাটফর্মে নেমে স্টেশন মাস্টারের কক্ষের সামনে জড়ো হন। একপর্যায়ে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে কালীগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মোবারকগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার শাহজাহান আলী জানান, সন্ধ্যা ৬টা ৭ মিনিটে ট্রেনটি স্টেশনে পৌঁছায়। দুই মিনিট যাত্রাবিরতির পর ট্রেন ছাড়ার জন্য ক্লিয়ারেন্স দেওয়া হলেও চালককে ইঞ্জিনে পাওয়া যায়নি। ইঞ্জিনের দরজা বন্ধ ছিল এবং ইঞ্জিনও বন্ধ অবস্থায় ছিল। এরপর চালকের খোঁজ শুরু করা হয়।
তিনি আরও জানান, প্রায় এক ঘণ্টার বেশি সময় পর চালক স্টেশনে ফিরে আসেন। পরে ট্রেনটি পুনরায় চালু করে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়।
তবে চালক কেন ইঞ্জিন ছেড়ে চলে গিয়েছিলেন, সে বিষয়ে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। রেল কর্তৃপক্ষও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।




Comments