Image description

৩১ জুলাই পর্যন্ত দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন। গত ১৪ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত ভোটার বেড়েছে ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন। রোববার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, এই ভোটার তালিকা দিয়েই আপাতত স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে নির্বাচনের তারিখ পরিবর্তন হলে কমিশন অন্য কোনো সিদ্ধান্ত নিতে পারে। সেক্ষেত্রে পরবর্তী সময়ে নতুন তালিকা সম্পূরক তালিকা হিসেবে যুক্ত হতে পারে।

ইসি সচিব জানান, স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি রোববার আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এতে সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধি রয়েছে।

আইন সংশোধনের বিষয়টি এখনো পাঠানো হয়নি জানিয়ে তিনি বলেন, নথিটি প্রক্রিয়াধীন রয়েছে। প্রক্রিয়া শেষ হলে সেটিও আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।

রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, রোববার থেকে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দেওয়া শুরু হয়েছে। বিএনপির প্রতিনিধিদল সকালে মনোনয়নপত্র সংগ্রহ করেছে। এখন পর্যন্ত অন্য কোনো দল বা প্রার্থী মনোনয়নপত্র নেয়নি। বিএনপি দুটি মনোনয়নপত্র নিয়েছে।

এসএস