প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। এখন সময় দেশ গড়ার, জাতির ভাগ্য পরিবর্তনের। দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।
রোববার (৯ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রামের হাটহাজারীর পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, যারা দেশের শান্তিশৃঙ্খলা নষ্ট করতে চায়, তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। দেশে কর্মসংস্থান সৃষ্টি ও দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে হলে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা জরুরি। বিশৃঙ্খলা থাকলে বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি সম্ভব নয়।
তিনি বলেন, গত কিছুদিন ধরে কিছু মানুষ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তাদের কোনোভাবেই বিশৃঙ্খলা বা বিভ্রান্তি সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না। বিভ্রান্তকারীরা বিভ্রান্তি ছড়িয়ে চলে যাবে, কিন্তু শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবে দেশের সাধারণ মানুষ।
জনগণের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্যের পরিবর্তনের পথে যারা বাধা সৃষ্টি করবে, তাদের রুখে দিতে হবে।
‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগান দিয়ে তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা বিশ্বাস করে, সব রাজনৈতিক ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ। জনগণ বিএনপিকে সমর্থন দিয়েছে এবং বিএনপির ৩১ দফার পক্ষে রায় দিয়েছে। তাই ৩১ দফা বাস্তবায়ন করাই এখন তাদের প্রধান দায়িত্ব।
প্রধানমন্ত্রী বলেন, ৩১ দফা জনগণের দফা। জনগণের দাবি পূরণ ও বাস্তবায়নে বিএনপি সব প্রতিবন্ধকতা মোকাবিলা করে দেশকে এগিয়ে নেবে। দেশের ও মানুষের ভাগ্য পরিবর্তনে দলটি কাজ করে যাবে।
ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বন্যাদুর্গত ৩০ পরিবারকে এক লাখ টাকা করে এবং ১৫ জন প্রতিবন্ধীকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেন প্রধানমন্ত্রী।
এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুসহ বিএনপির শীর্ষ নেতারা, চট্টগ্রাম জেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
এসএস




Comments