সৌদি-তুরস্ক-পাকিস্তান জোটে বাংলাদেশের যোগদানের সম্ভাবনা
যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা জোটে বাংলাদেশের যোগ দেওয়ার বিষয়ে ঢাকার অবস্থান ইতিবাচক বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
শনিবার (২২ আগস্ট) তিনি বলেন, ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আওতায় ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করছে ঢাকা। ফলে কোনো আন্তর্জাতিক জোট বা সহযোগিতামূলক কাঠামোয় যুক্ত হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থ, আঞ্চলিক পরিস্থিতি ও বৈশ্বিক অর্থনৈতিক পরিবর্তনকে গুরুত্ব দেওয়া হবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক কোনো জোটে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের নিজস্ব স্বার্থই সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। একই সঙ্গে আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতিও বিবেচনায় নেওয়া হবে।
তিনি আরও জানান, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কও ধীরে ধীরে জোরদার হচ্ছে। স্বাভাবিক কূটনৈতিক যোগাযোগের পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্য ও জনগণের পারস্পরিক যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান শিগগিরই সৌদি আরব সফর করবেন বলেও জানান হুমায়ুন কবির। তার এই সফরের মধ্য দিয়ে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান সম্পর্ক আরও গভীর করার উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান তিনি।
গত ৭ আগস্ট সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষর করে। চুক্তির অন্যতম প্রধান বিষয় হলো—তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলাকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।
সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের উপস্থিতিতে চুক্তিটি স্বাক্ষরিত হয়।
চুক্তির আওতায় তিন দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর পাশাপাশি আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এনএ




Comments