Image description

দেশের চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকটকে একটি জাতীয় সমস্যা হিসেবে উল্লেখ করে একে কেন্দ্র করে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

রোববার (৩০ আগস্ট) দুপুরে পটুয়াখালী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

নুরুল হক নুর বলেন, "দেশে জ্বালানি ও বিদ্যুৎ খাতে বিদ্যমান সংকটটি একটি জাতীয় সমস্যা। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার মাত্র ছয় মাসে এই জটিলতা তৈরি করেনি। তাই এই বিষয়কে কেন্দ্র করে রাজনৈতিকভাবে ভুল পথে আন্দোলন করে দেশ অস্থিতিশীল করা কারও জন্যই মঙ্গলজনক হবে না।"

তিনি আরও বলেন, জুলাই-পরবর্তী এই সময়ে সরকার এবং বিরোধী দল—উভয় পক্ষকেই অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নীতিগত বিষয়ে গঠনমূলক সমালোচনা থাকতে পারে, কিন্তু দেশের বড় ধরনের ক্ষতি হয় এমন কোনো কর্মসূচি গ্রহণ করা উচিত নয়।

সরকারের উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দল-মত নির্বিশেষে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে অন্তর্ভুক্তিমূলকভাবে দেশকে এগিয়ে নেওয়ার প্রচেষ্টা চালাচ্ছেন। তিনি নিজে জনগণের কাছে যাচ্ছেন এবং তাদের সমস্যাগুলো শোনার ও বোঝার চেষ্টা করছেন। আগামী পাঁচ বছরে দেশের আমূল পরিবর্তন সম্ভব না হলেও একটি মানসম্মত অবস্থায় দেশকে পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দুর্নীতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী কঠোর বার্তা দিয়ে বলেন, সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বা আপসহীন অবস্থানে রয়েছে। প্রতিটি উন্নয়ন প্রকল্পের প্রয়োজনীয়তা যাচাই করার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি বিশেষ সেল গঠন করা হয়েছে। জনস্বার্থ ও প্রয়োজনীয়তা বিবেচনা করেই প্রতিটি প্রকল্পের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

ডিআর