দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং এ বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
রোববার (৩০ আগস্ট) দুপুরে পটুয়াখালী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “জুলাই-পরবর্তী সময়ে দেশ গঠনে সরকার ও বিরোধী দল—উভয় পক্ষকেই অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। রাজনৈতিক বা নীতিগত বিষয়ে মতভেদ ও আলোচনা-সমালোচনা থাকতে পারে; তবে এমন কোনো কর্মসূচি নেওয়া উচিত নয়, যাতে দেশের বড় ধরনের কোনো ক্ষতি হয়।”
বর্তমান সরকারের লক্ষ্য তুলে ধরে তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান দল-মত-নির্বিশেষে সব স্তরের মানুষকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তিনি সরাসরি জনগণের কাছে গিয়ে তাদের কথা শুনছেন এবং সমস্যাগুলো বোঝার চেষ্টা করছেন।”
উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে নুরুল হক নুর জানান, স্থানীয় পর্যায়ে নেওয়া বিভিন্ন প্রকল্পের প্রয়োজনীয়তা যাচাই করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি বিশেষ সেল গঠন করা হয়েছে। সঠিক যাচাই-বাছাই শেষে কেবল জনহিতকর প্রকল্পগুলোই অনুমোদিত হচ্ছে।
তিনি আশা প্রকাশ করেন, আগামী পাঁচ বছরে দেশকে একটি মানসম্মত ও আধুনিক পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব হবে।
পরিশেষে তিনি বলেন, নাগরিকদের কাছে দ্রুত সেবা পৌঁছে দেওয়া এবং জনকল্যাণ নিশ্চিত করাই এই সরকারের মূল অঙ্গীকার।
ডিআর




Comments