Image description

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনসহ দেশের ১১টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (৩০ আগস্ট) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত এক গেজেটে এই তথ্য জানানো হয়।

সীমানা পুনর্নির্ধারণ হওয়া ১১টি আসন হলো— ঠাকুরগাঁও-১, বগুড়া-২, পিরোজপুর-১, ময়মনসিংহ-১০, ব্রাহ্মণবাড়িয়া-৩ ও ৪, কুমিল্লা-৩, লক্ষ্মীপুর-২ ও ৩, চট্টগ্রাম-২ এবং কক্সবাজার-১।

প্রকাশিত গেজেট অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনে সদর উপজেলার সঙ্গে নবগঠিত রুহিয়া ও ভুল্লী উপজেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বগুড়া-২ আসনে শিবগঞ্জের পাশাপাশি যুক্ত হয়েছে নবগঠিত মোকামতলা উপজেলা। ময়মনসিংহ-১০ আসনে গফরগাঁও উপজেলার সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছে দক্ষিণ গফরগাঁও উপজেলা। এছাড়া কুমিল্লা-৩ আসনে মুরাদনগরের সঙ্গে যুক্ত হয়েছে নবগঠিত বাঙ্গরা উপজেলা।

চট্টগ্রাম-২ আসনে ফটিকছড়ির সঙ্গে নবগঠিত ফটিকছড়ি উত্তর এবং কক্সবাজার-১ আসনে মাতামুহুরী উপজেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রশাসনিক পুনর্বিন্যাসের কারণে ব্রাহ্মণবাড়িয়া-৩ ও ৪ আসনের সীমানাতেও পরিবর্তন আনা হয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, এসব আসনে নতুন উপজেলা ও প্রশাসনিক ইউনিট অন্তর্ভুক্ত করা হলেও অধিকাংশ ক্ষেত্রে সংশ্লিষ্ট সংসদীয় আসনগুলোর মূল ভৌগোলিক এলাকায় বড় ধরনের কোনো পরিবর্তন হয়নি। কেবল প্রশাসনিক সুবিধার্থে নতুন ইউনিটগুলোকে নির্ধারিত আসনের আওতাভুক্ত করা হয়েছে।

ডিআর