Image description

দেশে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়াতে প্ল্যান্ট স্থাপনের যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে ছয় মাসের জন্য শুল্ক-কর ছাড় দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।

সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২০তম বৈঠকে এ প্রস্তাব অনুমোদন করা হয়। রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ উৎপাদনের প্ল্যান্ট স্থাপনের জন্য যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে ১ শতাংশের অতিরিক্ত কাস্টমস ডিউটি থেকে অব্যাহতি দেওয়া হবে। একই সঙ্গে রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, মূল্য সংযোজন কর (ভ্যাট), আগাম কর ও অগ্রিম আয়করও দিতে হবে না।

এই সুবিধা প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ১৮০ দিন বা ছয় মাস পর্যন্ত কার্যকর থাকবে।

মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, এই সুবিধার ফলে দেশে সৌরবিদ্যুৎ উৎপাদন দ্রুত বাড়ানোর সুযোগ তৈরি হবে। একই সঙ্গে বিদ্যুৎ ঘাটতির কারণে জনজীবনে যে ভোগান্তি হচ্ছে, তা কমানো সম্ভব হবে।

এ ছাড়া শিল্পকারখানায় উৎপাদন স্বাভাবিক রাখা, উৎপাদন খরচ কমানো এবং বিদ্যুৎ সরবরাহে স্থিতিশীলতা আনার ক্ষেত্রেও এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়লে বিনিয়োগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে। দ্রুত নবায়নযোগ্য সৌরশক্তি উৎপাদনের মাধ্যমে দেশের বিদ্যুতের চাহিদা পূরণেও সহায়তা করবে এ উদ্যোগ।

এসএস