Image description

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজের শৌচাগার থেকে ৫০টি সোনার বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। উদ্ধার করা সোনার ওজন প্রায় ৫ দশমিক ৮৩২ কেজি। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ কোটি টাকা।

সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিঙ্গাপুর থেকে বাংলাদেশ বিমানের বিজি-৫৮৫ ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। আগে পাওয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উড়োজাহাজটিতে তল্লাশি চালান সিআইআইডির কর্মকর্তারা।

সিআইআইডি সূত্র জানায়, প্রাথমিক তথ্য অনুযায়ী ফ্লাইটটিতে শতাধিক সোনার বার থাকার সম্ভাবনা ছিল। উড়োজাহাজ অবতরণের পরপরই তল্লাশি শুরু হয়। প্রায় চার ঘণ্টার অভিযানের একপর্যায়ে শৌচাগারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা সোনার বারগুলোর সন্ধান পাওয়া যায়।

পরে সেখান থেকে ৫০টি সোনার বার উদ্ধার করা হয়। প্রতিটি বারের ওজন ১০ তোলা। সব মিলিয়ে বারগুলোর ওজন ৫০০ তোলা বা প্রায় ৫ দশমিক ৮৩২ কেজি।

সিআইআইডি জানিয়েছে, সোনাগুলো কোনো যাত্রীর ব্যাগেজ থেকে উদ্ধার করা হয়নি। উড়োজাহাজের শৌচাগারের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় এগুলো পাওয়া গেছে।

সোনাগুলো কীভাবে উড়োজাহাজের শৌচাগারে রাখা হয়েছিল, এর সঙ্গে কারা জড়িত এবং বিমানবন্দর থেকে সোনাগুলো বের করে নেওয়ার কোনো পরিকল্পনা ছিল কি না—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, সোনা চোরাচালানের বড় চালান শনাক্ত ও জব্দের পাশাপাশি এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

এসএস