Image description

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের দীর্ঘদিনের দাবি ও আন্দোলন বিবেচনায় নিয়ে নতুন নিম্নতম মজুরি আগামী ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর নির্ধারিত এই নতুন মজুরি কাঠামো আগামী বছরের (২০২৭) জানুয়ারি মাস থেকেই কার্যকর করা হবে। এ বিষয়ে মালিক ও শ্রমিক উভয়পক্ষই নীতিগতভাবে একমত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) রাজধানী সেগুনবাগিচায় নতুন গঠিত নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

এর আগে বুধবার সকাল ১১টায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে বোর্ড চেয়ারম্যান ও সিনিয়র জেলা জজ শেখ আশফাকুর রহমানের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের জন্য নতুন নিম্নতম মজুরি নির্ধারণের সার্বিক প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনা শেষে মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা যৌথভাবে ডিসেম্বরের মধ্যে মজুরি চূড়ান্ত করার এবং জানুয়ারি থেকে তা বাস্তবায়নের বিষয়ে ঐকমত্যে পৌঁছান।

উল্লেখ্য, পোশাকশিল্পে বেতন বৃদ্ধি ও ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গত কয়েক দিন ধরে রাজধানী ঢাকা, সাভার, গাজীপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকরা জোরালো আন্দোলন চালিয়ে আসছিলেন। উদ্ভূত শ্রমিক অসন্তোষ ও টানা আন্দোলনের মুখে গত ১ নভেম্বর সরকার পোশাকশিল্পের জন্য একটি পৃথক নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন করে।

ডিআর