Image description

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়ন পরিষদে প্রশাসক ও সদস্য নিয়োগের প্রশাসনিক অনুমোদন দিয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৬ জুলাই) জেলা প্রশাসক মো. রায়হান কবির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ অনুমোদন দেওয়া হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হওয়ায় পরিষদের কার্যক্রম সচল ও অব্যাহত রাখতে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ (সংশোধিত ২০২৪) অনুযায়ী প্রশাসক ও সদস্য নিয়োগের প্রশাসনিক অনুমোদন প্রদান করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে ১৫ জুলাই জারি করা পৃথক আদেশে রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সদস্যদের নাম ঘোষণা করা হয়।

আদেশ অনুযায়ী, মো. নুরন্নবী ভূঁইয়াকে রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে মো.ওবায়দুল হক ইয়াজুল, তৈয়বুর রহমান, মো. সফিউদ্দিন মোল্লা, শরীফ মিয়া, নজরুল ইসলাম, মামুন হোসেন ভূঁইয়া, সাইদুর রহমান, মো.বাচ্চু  মিয়া ও মো. আল আমিন মাসুদকে নিয়োগ দেওয়া হয়েছে।

একই সঙ্গে সংরক্ষিত সদস্য হিসেবে রোকসানা আক্তার, খায়রুল আলম এবং রুবি আক্তারকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার আদেশে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত প্রশাসক ও সদস্যরা দায়িত্ব পালনকালে ইউনিয়ন পরিষদের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম, জনসেবা ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করবেন। স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন পরিষদের সেবামূলক কার্যক্রম যাতে নির্বিঘ্নে পরিচালিত হয়, সে লক্ষ্যে এ নিয়োগ কার্যকর করা হয়েছে।

প্রশাসনিক এ সিদ্ধান্তের মাধ্যমে রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের কার্যক্রমে ধারাবাহিকতা বজায় থাকবে এবং স্থানীয় জনগণের নাগরিক সেবা অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

মানবকন্ঠ/এসএস