Image description

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইসলামের দাওয়াতি কার্যক্রম পরিচালনার সময় হামলার অভিযোগ তুলে প্রতিবাদ সমাবেশ ও সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় আলেম-ওলামা ও তৌহিদী জনতা।

বুধবার বিকেলে উপজেলার ভুলতা বাসস্ট্যান্ড জামে মসজিদের সামনে শত শত তৌহিদী জনতা প্রতিবাদ সমাবেশে অংশ নেন। পরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইত্তেহাদুল ওলামা রূপগঞ্জের সিনিয়র যুগ্ম সম্পাদক মাওলানা মাহাবুবুর রহমান গাজীপুরী।

এ সময় উপস্থিত ছিলেন ইত্তেহাদুল ওলামা রূপগঞ্জের সভাপতি মাওলানা জিয়াউর রহমান আমজাদী, সহ-সভাপতি মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা তানঈম মদিনা, মুফতি নুরুল হক জহরী, সাধারণ সম্পাদক মুফতি হাবিবুল্লাহ হাশেমী, যুগ্ম সম্পাদক মাওলানা কামরুল হাসান, মাহবুব জালালাবাদী, মুফতি নুরুজ্জামান শিবলী, মাওলানা ইউসুফ ফরিদীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

লিখিত বক্তব্যে বক্তারা অভিযোগ করেন, গত ২৭ জুন রাতে উপজেলার গোলাকান্দাইল এলাকায় একটি বাউল গানের আসরের পাশ দিয়ে ইসলামের দাওয়াতি কার্যক্রম পরিচালনার সময় বাউল দলের অনুসারীরা আলেম-ওলামা ও তৌহিদী জনতার ওপর অতর্কিত হামলা চালায়। এতে কয়েকজন আহত হন। তারা এ ঘটনাকে পূর্বপরিকল্পিত দাবি করে হামলায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা আরও বলেন, শান্তিপূর্ণ ধর্মপ্রচার কার্যক্রমে বাধা দেওয়ার ঘটনায় রূপগঞ্জের আলেম-ওলামা ও মুসল্লিদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা স্থানীয় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দীপু এবং উপজেলা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে ইত্তেহাদুল ওলামা রূপগঞ্জের সভাপতি মাওলানা জিয়াউর রহমান আমজাদী বলেন, হামলার ঘটনায় জড়িতদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে সংগঠনের পক্ষ থেকে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।