পাবনার আটঘরিয়ায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ টাকা মূল্যের ১১০টি অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর।
শনিবার (২২ আগস্ট) উপজেলার একদন্ত ও লক্ষ্মীপুর ইউনিয়নের চাতরার বিল, গাববিল ও গমবিলে দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনতাসীর মাহফুজ।
উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম নাজিম উদ্দীনের তত্ত্বাবধানে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, মাছের প্রজনন নিশ্চিত করা এবং জলজ জীববৈচিত্র্য রক্ষায় এ বিশেষ অভিযান চালানো হয়।
অভিযানে ১১০টি অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দ করা জালগুলোর আনুমানিক বাজারমূল্য ৩ লাখ টাকা। অভিযান শেষে জব্দ করা সব জাল জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে আটঘরিয়া থানা-পুলিশ, আনসার সদস্য এবং উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা সার্বিক সহযোগিতা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনতাসীর মাহফুজ বলেন, দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও সংরক্ষণ এবং জলজ জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ ও নিষিদ্ধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। তিনি দেশীয় মাছ রক্ষা, নদী ও জলাশয় সংরক্ষণ এবং জলজ জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
এনএ




Comments