Image description

প্রশ্ন: ওয়েব ডেভেলপমেন্ট করে উপার্জন করা কি শরিয়তসম্মত? সাধারণ ওয়েবসাইট তৈরি এবং হারাম কাজে ব্যবহারের জন্য ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে ইসলামের বিধান কী? ওয়েব ডেভেলপারদের উপার্জন কখন হালাল এবং কখন হারাম হবে?

উত্তর: ওয়েব ডেভেলপমেন্ট বর্তমানে জনপ্রিয় একটি পেশা। ওয়েবসাইট বা সফটওয়্যার তৈরি করে আয় করা শরিয়তসম্মত কি না—এ নিয়ে অনেকেরই প্রশ্ন রয়েছে। এ বিষয়ে ইসলামের বিধান কী, জেনে নেওয়া যাক।

ওয়েব ডেভেলপমেন্ট হলো ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরির প্রক্রিয়া। এর মধ্যে ওয়েবসাইটের বিভিন্ন লেখা, বাটন, ফর্ম ও অন্যান্য ফিচার তৈরি করা, সেগুলো কীভাবে কাজ করবে তা নির্ধারণ করা এবং প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ ও পরিচালনা করার মতো কাজ অন্তর্ভুক্ত। মূলত এটি একটি কারিগরি সেবা, যা বৈধ ও অবৈধ—উভয় ধরনের কাজেই ব্যবহার করা সম্ভব।

শরীয়তের মূলনীতি হলো, যে জিনিস বৈধ ও অবৈধ—উভয় ক্ষেত্রেই ব্যবহার করা সম্ভব, তা তৈরি করে তার বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ করা বৈধ। এরপর কেউ যদি সেটিকে অবৈধ কাজে ব্যবহার করে, তবে এর দায় ব্যবহারকারীর ওপর বর্তাবে; নির্মাতার ওপর বর্তাবে না।

তবে যেসব ওয়েবসাইট অশ্লীলতা, হারাম বা অবৈধ কাজে ব্যবহারের জন্যই তৈরি করা হয় অথবা যেখানে ডেভেলপারের পক্ষ থেকে হারাম কাজে সহযোগিতা করার উদ্দেশ্য থাকে, সেসব ওয়েবসাইট তৈরি বা ডেভেলপ করা এবং এর বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ করা জায়েয হবে না। শাইখুল ইসলাম তাকী উসমানি (হাফি.) বলেন,

إن قصد بذلك الإعانة، أو كان البرنامج مشتملاً على ما لا يصلح إلا في الأعمال الربوية، أو الأعمال المحرمة الأخرى، فإن العقد حرام وباطل.

অর্থ: যদি এর মাধ্যমে হারাম কাজে সহযোগিতা করাই উদ্দেশ্য হয় অথবা সফটওয়্যারটি এমন হয়, যা কেবল সুদভিত্তিক বা অন্য কোনো হারাম কাজে ব্যবহারের উপযোগী, তাহলে তা তৈরির চুক্তি হারাম ও বাতিল। [ফিকহুল বুয়ু, ১/১৯৪]

সুতরাং সাধারণ ও বৈধ উদ্দেশ্যে ওয়েব ডেভেলপমেন্টের কাজ করা এবং এর বিনিময়ে উপার্জন করা জায়েয। তবে কোনো নির্দিষ্ট হারাম কাজে সহযোগিতা করা বা বিশেষভাবে হারাম কাজে ব্যবহারের জন্য ওয়েবসাইট বা সফটওয়্যার তৈরি করা এবং এর বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ করা জায়েয হবে না।

সূত্র: সূরা মায়িদা, ২; বাদায়েউস সানায়ে, ৪/১৮৯; তাবয়ীনুল হাকায়েক, ৩/২৯৬; ফাতহুল কাদীর, ১০/৬১; আল-ফাতাওয়াল হিন্দিয়া, ৪/৪১১; রদ্দুল মুহতার, ৬/৩৯১; ফিকহুল বুয়ু, ১/১৯৪, ২/১০২৩ 

এনএ