Image description

সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার ১০ জন এবং নাটোরের নলডাঙ্গা উপজেলার তিনজন রয়েছেন বলে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা জানিয়েছেন।

রোববার (৯ আগস্ট) দুপুরে রিয়াদের ওই সোফা কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে ১৬ জনের মরদেহ উদ্ধার করেন বলে জানিয়েছে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের বরাতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। আগুনে মরদেহগুলো পুড়ে যাওয়ায় শনাক্তকরণ কঠিন হয়ে পড়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে, অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। 

নওগাঁর আত্রাই উপজেলা প্রশাসন জানিয়েছে, এ পর্যন্ত উপজেলার ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, রাত সাড়ে ১০টার দিকে প্রথমে সাতজনের মৃত্যুর খবর পাওয়া যায়। পরে এ সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়ায়। উপজেলার বিভিন্ন গ্রামের আরও খোঁজখবর নেওয়া হচ্ছে।

নিহতদের মধ্যে উপজেলার বিশা ইউনিয়নের বিশা গ্রামের সাগর (৩১) ও মজিদুল (৩৪), উদনপৈ গ্রামের ফরিদ শেখ (৩২), ডুবাই গ্রামের সুমন (৩৫) ও হাসিবুল হাসান (২৭), কালিকাপুর ইউনিয়নের গন্ডগোহালী গ্রামের মহুন প্রামাণিক (৪২), সুমন প্রামাণিক, রুবেল হোসেন (৩০), কলি প্রামাণিক (৩৫) এবং পারকাসুন্দা গ্রামের আবদুল জলিল (৩৮) রয়েছেন।

এদিকে নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের চেয়ারম্যান মো. সোহরাব হোসেন জানিয়েছেন, নিহতদের মধ্যে ওই ইউনিয়নের তিন বাসিন্দাও রয়েছেন। তারা হলেন—খাজুরা শ্রীপুরপাড়া এলাকার গোলাম রাব্বানীর ছেলে সাব্বির হোসেন সোহাগ, দিঘীর পাড় এলাকার জাকের হোসেনের ছেলে শামীম হোসেন এবং মহিষডাঙ্গা এলাকার আসলাম আলীর ছেলে রবিউল আওয়াল হৃদয়।

অগ্নিকাণ্ডের কারণ এবং নিহতদের পূর্ণ পরিচয় জানতে সৌদি কর্তৃপক্ষের তদন্ত চলছে।

এসএস