Image description

পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করার কোনো চেষ্টা বরদাশত করা হবে না বলে ভারতকে কঠোর বার্তা দিয়েছে পাকিস্তান। দেশটির তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন, পাকিস্তান শান্তিপ্রিয় দেশ হলেও পানির অধিকার রক্ষায় কোনো আপস করবে না।

ইসলামাবাদের ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আতাউল্লাহ তারার বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তি একতরফাভাবে বাতিল বা স্থগিত করার সুযোগ নেই। আন্তর্জাতিক সালিসি আদালতও চুক্তিটি কার্যকর থাকার বিষয়ে রায় দিয়েছে বলে দাবি করেন তিনি। এ কারণে ভারতের বিতর্কিত জলবিদ্যুৎ প্রকল্পগুলো স্থগিত রাখার আহ্বান জানান পাকিস্তানের এই মন্ত্রী।

গত বছর কাশ্মীরে একটি হামলার ঘটনার পর ভারত একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখার ঘোষণা দিয়েছিল। তবে ওই ঘটনায় পাকিস্তান শুরু থেকেই জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জাতিসংঘে দেওয়া ভাষণেও সিন্ধু পানি চুক্তিকে দুই দেশের মানুষের জীবনরেখা হিসেবে উল্লেখ করেছেন বলে জানান আতাউল্লাহ তারার। তিনি বলেন, পাকিস্তানের পানির অধিকার কেড়ে নেওয়ার যেকোনো প্রচেষ্টাকে যুদ্ধের শামিল হিসেবে বিবেচনা করা হবে।

পাকিস্তানের এই মন্ত্রী আরও বলেন, কোনো দেশ যদি একতরফাভাবে আন্তর্জাতিক চুক্তি স্থগিত রাখার সুযোগ পায়, তাহলে তা বিশ্বব্যাপী অভিন্ন পানি ব্যবস্থাপনার জন্য বিপজ্জনক দৃষ্টান্ত তৈরি করবে।

এ পরিস্থিতিতে সিন্ধু পানি চুক্তি নিয়ে বিরোধের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

সূত্র: জিও টিভি

এসএস