রাতের আকাশে হঠাৎ ছুটে চলা আলোর রেখা দেখলে অনেকেরই চোখ আটকে যায়। এমনই এক মনোমুগ্ধকর দৃশ্যের দেখা মিলতে পারে আজ রাতে। বাংলাদেশের আকাশে দেখা যেতে পারে পারসেইড উল্কাবৃষ্টি।
প্রতিবছর আগস্টে পারসেইড উল্কাবৃষ্টি দেখা যায়। তবে এবার এটি দেখার সুযোগ তুলনামূলক ভালো। কারণ আজ অমাবস্যা। ফলে আকাশে চাঁদের আলো থাকবে না। আকাশ পরিষ্কার ও আশপাশে আলো কম থাকলে উল্কাগুলো আরও সহজে দেখা যেতে পারে।
কখন দেখা যাবে?
বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত পারসেইড উল্কাবৃষ্টির সবচেয়ে বেশি সক্রিয়তা দেখা যেতে পারে। বিশেষ করে মধ্যরাত থেকে ভোর ৫টা পর্যন্ত উল্কা দেখার সম্ভাবনা বেশি।
আকাশ পরিষ্কার থাকলে প্রতি ঘণ্টায় প্রায় ১০০টি পর্যন্ত উল্কা দেখা যেতে পারে। তবে ঠিক কতটি দেখা যাবে, তা নির্ভর করবে আকাশের অবস্থা ও আশপাশের আলোর ওপর।
কোথায় তাকাবেন?
পারসেইড উল্কাবৃষ্টি দেখতে কোনো বিশেষ যন্ত্রের প্রয়োজন নেই। খালি চোখেই এটি দেখা সম্ভব। খোলা ও অন্ধকার জায়গা থেকে আকাশের দিকে তাকালেই চলবে।
পারসেয়াস নক্ষত্রমণ্ডলের আশপাশে এই উল্কাবৃষ্টি বেশি দেখা যায়। এটি খুঁজে পেতে সমস্যা হলে উত্তর আকাশে ইংরেজি ‘ডব্লিউ’ অক্ষরের মতো দেখতে ক্যাসিওপিয়া নক্ষত্রমণ্ডল খুঁজে নিতে পারেন। এর কাছাকাছিই পারসেয়াস রয়েছে।
উল্কা দেখার সময় টেলিস্কোপ বা বাইনোকুলার ব্যবহার না করাই ভালো। কারণ উল্কা খুব দ্রুত আকাশ পেরিয়ে যায়। খালি চোখে আকাশের বড় অংশ একসঙ্গে দেখা যায়।
চোখকে অন্ধকারে মানিয়ে নিতে সময় দিন
উল্কাবৃষ্টি দেখতে হলে একটু ধৈর্য ধরতে হবে। খোলা জায়গায় আরাম করে বসে বা শুয়ে অন্তত ৩০ মিনিট আকাশের দিকে তাকিয়ে থাকলে চোখ অন্ধকারের সঙ্গে মানিয়ে নেবে।
এ সময় মোবাইল ফোনের উজ্জ্বল পর্দার দিকে না তাকানো ভালো। এতে চোখ আবার আলোতে অভ্যস্ত হয়ে যায় এবং উল্কা দেখতে অসুবিধা হতে পারে।
‘ছুটন্ত তারা’ আসলে কী?
অনেকে উল্কাকে ‘ছুটন্ত তারা’ বলেন। কিন্তু এগুলো আসলে তারা নয়। মহাকাশে থাকা ছোট পাথর ও ধূলিকণার টুকরো পৃথিবীর বায়ুমণ্ডলে ঢোকার সময় প্রচণ্ড গতিতে উত্তপ্ত হয়ে জ্বলে ওঠে। তখনই আকাশে আলোর ঝলক দেখা যায়।
পারসেইড উল্কাবৃষ্টির উল্কাগুলোর গতি ঘণ্টায় প্রায় ২ লাখ ১৪ হাজার কিলোমিটার পর্যন্ত হতে পারে।
কোথা থেকে আসে পারসেইড?
পারসেইড উল্কাবৃষ্টির উৎস হলো ১০৯পি/সুইফট-টার্টল নামের একটি ধূমকেতু। এই ধূমকেতু সৌরজগতের ভেতর দিয়ে যাওয়ার সময় মহাকাশে ধূলিকণা ও ছোট ছোট কণা ছড়িয়ে যায়।
পৃথিবী প্রতিবছর আগস্টে ওই ধূলিকণার অঞ্চলের মধ্য দিয়ে যায়। তখন এসব কণা পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে আলোর রেখা তৈরি করে। এভাবেই দেখা যায় পারসেইড উল্কাবৃষ্টি।
কখনো কখনো এই উল্কাবৃষ্টির সময় খুব উজ্জ্বল উল্কাও দেখা যায়, যাকে বলা হয় ‘ফায়ারবল’।
তাই আজ রাতে আকাশ পরিষ্কার থাকলে শহরের কৃত্রিম আলো থেকে দূরে কোনো খোলা জায়গায় গিয়ে কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে থাকলেই দেখা মিলতে পারে এই মহাজাগতিক দৃশ্যের।
সূত্র: লাইভ সায়েন্স
এসএস




Comments