Image description

আগামী এক দশকের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবটের সক্ষমতা এমন পর্যায়ে পৌঁছাবে যে, প্রচলিত অর্থ বা টাকার গুরুত্ব অনেকটাই কমে যেতে পারে—এমন মন্তব্য করেছেন বিশ্বের শীর্ষ ধনীদের একজন ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক।

সম্প্রতি দ্য ইকোনমিস্ট–এর একটি পডকাস্টে অংশ নিয়ে মাস্ক বলেন, ২০৩৬ সালের মধ্যে এআই ও রোবট মানুষের তুলনায় অনেক বেশি পরিমাণে পণ্য ও সেবা উৎপাদন ও সরবরাহ করতে সক্ষম হবে। ফলে অর্থের প্রচলিত ভূমিকা নিয়ে নতুন করে ভাবতে হবে।

আলোচনায় দ্য ইকোনমিস্ট–এর প্রধান সম্পাদক জেনি মিন্টন বেডোস প্রশ্ন করেন, মানুষ তো মূলত পণ্য ও সেবা কেনার জন্যই অর্থ ব্যবহার করে। জবাবে মাস্ক বলেন, খাবার, বাসস্থান, যাতায়াত কিংবা বিনোদনের জন্য আজ অর্থ প্রয়োজন হলেও ভবিষ্যতে যদি এআই ও রোবট এসব সেবা মানুষের চেয়ে দক্ষভাবে দিতে পারে, তাহলে অর্থের প্রয়োজনীয়তা অনেকটাই কমে যেতে পারে।

তার মতে, আগামী ১০ বছরের মধ্যে এআই এমন পর্যায়ে পৌঁছাবে, যেখানে অনেক ক্ষেত্রেই মানুষ এর ওপর নিয়ন্ত্রণ হারাতে পারে। এমনকি আগামী পাঁচ বছরের মধ্যেই এআই সম্মিলিত মানব বুদ্ধিমত্তাকে ছাড়িয়ে যাবে বলেও ধারণা প্রকাশ করেন তিনি। মাস্কের ভাষায়, রক্ত-মাংসের মানুষ হওয়া ছাড়া প্রায় সব কাজই তখন এআই করতে পারবে।

এআইয়ের অগ্রগতি বোঝাতে মাস্ক একটি তুলনাও টানেন। তিনি বলেন, মানুষ ও এআইয়ের সম্পর্ক ভবিষ্যতে অনেকটা মানুষ ও শিম্পাঞ্জির সম্পর্কের মতো হতে পারে। অর্থাৎ মানুষ যেমন শিম্পাঞ্জির চেয়ে বেশি বুদ্ধিমান, তেমনি একসময় এআই মানুষের চেয়েও অনেক বেশি সক্ষম হয়ে উঠতে পারে।

তবে যদি অর্থের গুরুত্ব কমেও যায়, তার পরিবর্তে কী ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বা বিকল্প মুদ্রা আসতে পারে—সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি মাস্ক। বরং তিনি বলেন, এআই ও রোবটের অগ্রযাত্রা থামানোর বাস্তবসম্মত কোনো উপায় তিনি দেখেন না। এমনকি সুযোগ থাকলেও মানুষ হয়তো সেই অগ্রগতি থামাতে চাইবে না।

এদিকে ওপেনএআইয়ের সহ-প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যানও এআইয়ের দ্রুত বিকাশ নিয়ে সতর্ক করেছেন। তার মতে, বিশ্ব ইতোমধ্যেই এমন এক পর্যায়ে প্রবেশ করছে, যেখানে কিছু ক্ষেত্রে এআই মানুষের সক্ষমতাকে ছাড়িয়ে যাচ্ছে।

একই ধরনের সতর্কবার্তা দিয়েছেন গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা বিভাগের প্রধান ডেমিস হাসাবিস। অন্যদিকে চ্যাটবট ক্লডের নির্মাতা অ্যানথ্রোপিক জানিয়েছে, ভবিষ্যতের উন্নত এআই মডেলগুলো মানুষের হস্তক্ষেপ ছাড়াই আরও জটিল নকশা তৈরি ও বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম হতে পারে। প্রতিষ্ঠানটির সাম্প্রতিক গবেষণায় এমনও দাবি করা হয়েছে, কিছু উন্নত এআই মডেল নিজেদের কার্যক্রম বন্ধ করে দেওয়ার চেষ্টা শনাক্ত করে তা প্রতিরোধ করার সক্ষমতাও অর্জন করছে।