Image description

জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটিতে বড় ধরনের প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে। এতে বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ ব্যবহারকারী সেবাটি ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, চ্যাটজিপিটিতে প্রবেশের পর কিছু ব্যবহারকারীর কম্পিউটারে অস্বাভাবিক ফাইল স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হওয়ার মতো ঘটনাও ঘটেছে।

চ্যাটজিপিটি ব্যবহারে সমস্যার কারণে অনেকের দৈনন্দিন কাজ ও পড়াশোনায় সাময়িক ব্যাঘাত ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে অনেকে প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ মজা করে বলেছেন, চ্যাটজিপিটি কাজ না করায় দ্রুত উত্তর খোঁজা বা লেখালেখির জন্য এবার নিজেদের মস্তিষ্কের ওপরই ভরসা করতে হবে।

তবে বাংলাদেশে রাত পৌনে ১১টার দিকে চ্যাটজিপিটি ব্যবহার করা যাচ্ছিল।

এ বিভ্রাটের প্রভাব শুধু চ্যাটজিপিটিতে সীমাবদ্ধ থাকেনি। ওপেনএআইয়ের প্রযুক্তির ওপর নির্ভরশীল বিভিন্ন ওয়েবসাইট ও মোবাইল অ্যাপেও এর প্রভাব পড়েছে বলে জানা গেছে।

ফলে চ্যাটজিপিটির পাশাপাশি এআইভিত্তিক বিভিন্ন সেবা ব্যবহারকারীরাও সাময়িক সমস্যার মুখে পড়েছেন।

এসএস