জন্মাষ্টমীতে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা, ‘সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, সবাই আমরা বাংলাদেশি’
সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, দেশের সব নাগরিককে নিজেদের ‘বাংলাদেশি’ পরিচয়কে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জন্মাষ্টমী উপলক্ষে বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে পুরোহিত ও সেবায়িতদের সম্মানী দেওয়া হয়।
প্রধানমন্ত্রী বলেন, ‘সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, আসুন সবাই নিজেদের বাংলাদেশি ভাবি।’ দল, মত, ধর্ম, বর্ণ বা অন্য কোনো পরিচয় যেন মানুষের মধ্যে বিভেদ তৈরি না করে, সে বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
তারেক রহমান বলেন, এই দেশ সবার। নাগরিক হিসেবে সবার অধিকার সমান। প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতি অনুযায়ী জীবনযাপন করার অধিকার রয়েছে।
তিনি বলেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার।’ পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধা আরও শক্তিশালী করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী শ্রীকৃষ্ণের জীবন ও আদর্শের কথা স্মরণ করেন। তিনি বলেন, হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, দুষ্টের দমন ও শিষ্টের পালন ছিল শ্রীকৃষ্ণের অন্যতম ব্রত।
আসন্ন দুর্গাপূজার কথাও উল্লেখ করেন তারেক রহমান। তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যেন জন্মাষ্টমী ও দুর্গাপূজার আয়োজন শান্তিপূর্ণ, নিরাপদ ও স্বস্তিতে করতে পারেন, সরকার সে বিষয়ে সহযোগিতা করবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, একটি কল্যাণমূলক রাষ্ট্র গড়তে সরকার দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে নাগরিকদের প্রয়োজনীয় সহায়তা দেবে। একই সঙ্গে নাগরিকদেরও রাষ্ট্রের প্রতি নিজেদের দায়িত্ব পালন করতে হবে।
তিনি বলেন, রাষ্ট্র ও নাগরিকদের পারস্পরিক দায়িত্ব, আস্থা ও আলোচনার মাধ্যমে সবার প্রত্যাশিত কল্যাণমূলক রাষ্ট্র গড়ে উঠবে। সমাজে কেউ যেন পিছিয়ে না থাকে, তা নিশ্চিত করতে সরকার কাজ করছে।
অনুষ্ঠানের শুরুতে গীতা পাঠ করা হয়। পরে হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে মন্দিরের নয়জন পুরোহিত ও সেবায়িতের মধ্যে সম্মানী বিতরণ করেন প্রধানমন্ত্রী। একই সময়ে দেশের বিভিন্ন এলাকার পুরোহিত ও সেবায়িতদের ব্যাংক হিসাবেও এই অর্থ পাঠানো হয়।
এসএস




Comments