Image description

স্ত্রী মৌসুমী ও ছেলে ফারদিনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদ জানিয়েছেন চিত্রনায়ক ওমর সানী। এসব পোস্ট ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে না নিলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বুধবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) মাঠে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওমর সানী। এ সময় নিজের পরিবার ও চলচ্চিত্রের শিল্পীদের নিয়ে সামাজিক মাধ্যমে নেতিবাচক প্রচারণার সমালোচনা করেন তিনি।

ওমর সানী বলেন, তাঁর পরিবারকে নিয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে কিছু ব্যক্তি ও পেজ ব্যবসা করছে। তিনি বলেন, ‘আমাদেরকে ক্যাশ করে কয় টাকা কামাই করবি বাবা তোরা? কী লাভ? এই টাকা কে খাবে—শিয়াল-কুকুরে খাবে। আমাদেরকে একটা ব্যবসার জিনিস বানিয়ে ফেলেছে।’

সম্প্রতি সামাজিক মাধ্যমে খবর ছড়ায়, ওমর সানী ও মৌসুমীর ছেলে ফারদিন পরিবারের সম্পত্তি নিজের নামে লিখে নিয়ে যুক্তরাষ্ট্রের বাসা থেকে মাকে বের করে দিয়েছেন। তবে এই খবরকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন ওমর সানী। তাঁর ভাষ্য, ফারদিন বর্তমানে দুবাইয়ে এবং মৌসুমী যুক্তরাষ্ট্রে রয়েছেন। যুক্তরাষ্ট্রে তাঁদের কোনো সম্পত্তি নেই বলেও দাবি করেন তিনি।

পরিবারকে নিয়ে এসব প্রচারণায় বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে বলে জানান এই অভিনেতা। তাঁর ছেলে ফারদিনও বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। ওমর সানী বলেন, তাঁর ছেলে এসব মিথ্যা প্রচারণার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছেন।

স্ত্রী মৌসুমীর ব্যক্তিগত জীবন নিয়ে অযাচিত আলোচনা বন্ধের আহ্বান জানিয়ে ওমর সানী বলেন, ‘আমার বউ আমার টেনশন না, আপনাদের টেনশন।’ স্বামী-স্ত্রী আলাদা দেশে থাকতেই পারেন। এ নিয়ে ভিত্তিহীন গল্প তৈরি করে প্রচার করার কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি।

চলচ্চিত্রের শিল্পীদের নিয়ে নেতিবাচক প্রচারণা এবং নারী শিল্পীদের ব্যক্তিগত জীবন ও শারীরিক গঠন নিয়ে অশালীন কনটেন্ট তৈরিরও সমালোচনা করেন ওমর সানী। তাঁর মতে, এ ধরনের প্রচারণায় পুরো চলচ্চিত্র অঙ্গন সম্পর্কে মানুষের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে।

তিনি বলেন, ‘চলচ্চিত্রে এসে কি আমরা পাপ করেছি? আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। নিজের কাজ নিয়েও ভালো আছি। আমি চুরি করি না। আমরা এখনো চলচ্চিত্রে অভিনয় করতে চাই।’

এফডিসিতে শিল্পীদের ব্যক্তিগত মুহূর্ত ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার প্রবণতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে নারী শিল্পীদের সম্মান রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

চলচ্চিত্রের শিল্পীদের সুরক্ষা ও সম্মান নিশ্চিত করতে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থের প্রতিও আহ্বান জানান ওমর সানী। তিনি বলেন, ‘শুধু চলচ্চিত্রকে বাঁচালে হবে না, চলচ্চিত্রের শিল্পী যাঁরা আছেন, তাঁদেরও বাঁচাতে হবে।’

পরিবারকে নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো বন্ধের আহ্বান জানিয়ে ওমর সানী বলেন, কারও মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চাইতে তাঁর আপত্তি নেই। তবে মিথ্যা তথ্য ছড়িয়ে কাউকে হেয় করা উচিত নয়।

এসএস