রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণার পর লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, তারা কখনো জাতির সঙ্গে বেইমানি করবেন না।
রোববার (৯ আগস্ট) দুপুরে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের বৈঠকে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করা হয়। পরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
কর্নেল অলি আহমদ বলেন, ‘আমি সমগ্র জাতির কাছে কৃতজ্ঞ। ১১ দলীয় ঐক্যজোটের সবাই এবং আমাদের সব নেতাকর্মীর কাছে কৃতজ্ঞ। আপনাদের মাধ্যমে আমরা জাতিকে বলতে চাই, আমরা আমাদের জায়গা থেকে এই জাতির সঙ্গে কখনো বেইমানি করব না।’
তিনি বলেন, ‘আমরা হারব না জিতব, সেটা প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে, আমরা জনগণের পাশে সবসময় তাদের স্বার্থ রক্ষার জন্য দাঁড়াব। আজও সেই মন-মানসিকতা নিয়ে আমরা সবাই একসঙ্গে হয়েছি। সর্বসম্মতিক্রমে তারা আমার নাম প্রস্তাব করেছেন। আমি সমগ্র জাতিকে ধন্যবাদ জানাই।’
নিজের যোগ্যতার কথা তুলে ধরে অলি আহমদ বলেন, তিনি একজন পরীক্ষিত মুক্তিযোদ্ধা এবং তার বিরুদ্ধে দুর্নীতি কিংবা শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনো অভিযোগ নেই। সুন্দরভাবে জীবনযাপন করার কারণেই সবাই সর্বসম্মতিক্রমে তার নাম প্রস্তাব করেছেন বলেও মন্তব্য করেন তিনি।
বৈঠকে বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মামুনুল হক বলেন, বাংলাদেশের রাষ্ট্রপতি পদের জন্য তাদের বিবেচনায় সবচেয়ে যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিতে পেরে তারা আনন্দিত।
মামুনুল হক আশা প্রকাশ করেন, ১১ দলের বাইরেও দেশপ্রেমিক রাজনৈতিক ব্যক্তিরা অলি আহমদের যোগ্যতা ও অগ্রগণ্যতা স্বীকার করবেন এবং তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হলে দেশকে সঠিকভাবে নেতৃত্ব দিতে পারবেন।
অন্যদিকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, দেশের কল্যাণের জন্য তাদের বিবেচনায় সর্বোত্তম ব্যক্তিকেই রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘আমরা এ ব্যাপারে ইনশাআল্লাহ কোনো আপস করব না। আমরা সকলের সহযোগিতা চাই।’
শফিকুর রহমান আরও বলেন, গণতন্ত্রের সৌন্দর্য ও সুস্থ প্রতিযোগিতা নিশ্চিত করার দায়িত্ববোধ থেকেই তারা এ সিদ্ধান্ত নিয়েছেন। তার মতে, রাজনীতি সর্বক্ষেত্রে স্বচ্ছ ও প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়া উচিত। এতে গণতন্ত্রের গতি ও সুস্বাস্থ্য ফিরে আসবে।
এসএস




Comments