চিকিৎসার অবহেলায় যুবকের মৃত্যুর অভিযোগ, দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন
রাজবাড়ী সদর হাসপাতালে সাপের কামড়ে আহত হৃদয় (২২) নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় চিকিৎসায় অবহেলা ও হাসপাতালের অব্যবস্থাপনার অভিযোগ তুলে মানববন্ধন করেছেন সচেতন নাগরিকরা। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
রোববার (৯ আগস্ট) সকালে ‘চিকিৎসা বঞ্চিত সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে রাজবাড়ী সদর হাসপাতাল চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত ৭ আগস্ট সাপের কামড়ে আহত হৃদয়কে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হলেও তাকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি। হাসপাতালে অ্যান্টিভেনম থাকার পরও তা প্রয়োগ না করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় হৃদয়ের মৃত্যু হয়। এ ঘটনায় চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের কোনো গাফিলতি ছিল কি না, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
নিহত হৃদয় রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মুরারীপুর গ্রামের প্রবাসী হারেজ মিয়ার ছেলে। পরিবারের দাবি, শুক্রবার বিকেলে রাধাগঞ্জের বিলে বড়শি দিয়ে মাছ ধরতে গেলে অজ্ঞাত একটি সাপ তাকে কামড় দেয়। পরে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ফরিদপুরে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের মা সুমি বেগম অভিযোগ করে বলেন, হাসপাতালে নেওয়ার পর তার ছেলেকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি। অ্যান্টিভেনম দেওয়া হলে হয়তো হৃদয়কে বাঁচানো সম্ভব হতো। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এস এম আব্দুল হান্নান বলেন, রোগীর শারীরিক অবস্থা বিবেচনা করেই অ্যান্টিভেনম দেওয়া হয়। এন্টিভেনম দিলে শ্বাস কষ্ট সহ বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়, হাসপাতালে আইসিইউ সুবিধা না থাকায় হৃদয়কে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল।
রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এস এম মাসুদ ঘটনায় দুঃখ প্রকাশ করে জানান, ঘটনাটি তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে চার কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
স্থানীয়দের দাবি, সাপের কামড়সহ জরুরি রোগীদের দ্রুত ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। ভবিষ্যতে চিকিৎসার অভাবে যেন আর কোনো রোগীর মৃত্যু না ঘটে, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ারও দাবি জানান তারা।
এসএস




Comments