বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আজ ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠার পর চার দশকের বেশি সময় পার করেছে দলটি। এর মধ্যে দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকার পর গত ফেব্রুয়ারিতে আবারও রাষ্ট্রক্ষমতায় আসে বিএনপি।
তবে ক্ষমতায় ফেরার মাত্র ছয় মাসের মধ্যেই নানা সমস্যার মুখে পড়েছে দলটি। বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য, গ্যাস-বিদ্যুৎ সংকট ও প্রশাসনে সমন্বয়ের বিষয়গুলো সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় পায় বিএনপি। এরপর ১৭ ফেব্রুয়ারি সরকার গঠন করে দলটি। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ চলছে এবং অর্থনীতি, সামাজিক নিরাপত্তা, প্রশাসন ও পররাষ্ট্রনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে রাজনৈতিক বিশ্লেষকেরা সরকারের সব কর্মকাণ্ডে সন্তুষ্ট নন। তাঁদের মতে, কিছু ক্ষেত্রে অগ্রগতি হলেও সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সমস্যাগুলো এখনো পুরোপুরি সমাধান হয়নি।
দ্রব্যমূল্য ও জ্বালানি সংকট
বিএনপি সরকারের ছয় মাসে সাধারণ মানুষের বড় উদ্বেগের জায়গা হয়ে আছে দ্রব্যমূল্য। মূল্যস্ফীতি কমানোর নানা উদ্যোগের কথা বলা হলেও বাজারে এর সুফল কতটা পৌঁছেছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
এর সঙ্গে যোগ হয়েছে গ্যাস ও বিদ্যুতের সংকট। গ্যাসের সরবরাহ কম থাকায় বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। ফলে বিভিন্ন এলাকায় লোডশেডিংও হচ্ছে। জ্বালানি সংকটের কারণে মানুষের ভোগান্তি আরও বেড়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতিও সরকারের জন্য বড় পরীক্ষা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দাবি করেছেন, গত ছয় মাসে আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে। তবে সমালোচকদের মতে, মানুষের প্রত্যাশা অনুযায়ী পরিস্থিতির আরও উন্নতি প্রয়োজন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সরকারের ছয় মাসের কর্মকাণ্ডের মূল্যায়নে দ্রব্যমূল্য, জ্বালানি, আইনশৃঙ্খলা ও স্বাস্থ্য খাতে ব্যর্থতার অভিযোগ করেছে।
দল ও সরকারের সমন্বয় নিয়ে প্রশ্ন
দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থেকেও বিএনপি তাদের সাংগঠনিক শক্তি ধরে রেখেছিল। জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দলীয় কার্যক্রম চালিয়ে গেছে। সেই সাংগঠনিক শক্তি নির্বাচনে দলটির বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তবে ক্ষমতায় আসার পর দলের নেতা-কর্মীদের ভূমিকা বদলেছে। অনেকেই এখন জনপ্রতিনিধি, সরকারি প্রতিষ্ঠান ও স্থানীয় প্রশাসনের সঙ্গে বিভিন্নভাবে যুক্ত।
এ কারণে দল ও সরকারের মধ্যে পার্থক্য কতটা থাকছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে বিএনপির নেতারা বলছেন, দল ও সরকার এক বিষয় নয়। সরকার পরিচালনা করছেন দলের নেতারা, কিন্তু দল তার নিজস্ব জায়গায় আছে।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, দল ও সরকার একাকার হয়ে গেছে—এ কথা ঠিক নয়।
দলীয় শৃঙ্খলার ওপর জোর
ক্ষমতায় আসার পর নেতা-কর্মীদের শৃঙ্খলা বজায় রাখার ওপর জোর দিয়েছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী নেতা-কর্মীদের অনৈতিক কর্মকাণ্ডে না জড়ানোর আহ্বান জানিয়েছেন।
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার মনে করেন, বিএনপিকে আরও ভালো করতে হবে। তার মতে, রাজনৈতিক দলে গণতন্ত্র না থাকলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা কঠিন।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি
৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি বিভিন্ন কর্মসূচি নিয়েছে। মঙ্গলবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে।
দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন।
এ ছাড়া ৫ সেপ্টেম্বর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা হবে। পাশাপাশি উপযুক্ত সময়ে মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হবে।
প্রতিষ্ঠাবার্ষিকীর বার্তায় তারেক রহমান বলেছেন, জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র, সুশাসন ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি কাজ করে যাচ্ছে। জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে চান তিনি।
দীর্ঘ সময় পর ক্ষমতায় ফিরে বিএনপির সামনে এখন বড় চ্যালেঞ্জ হলো মানুষের দৈনন্দিন সমস্যার সমাধান করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং অর্থনীতি ও জ্বালানি খাতে স্থিতিশীলতা আনা।
এসএস




Comments