Image description

গ্যাস ও বিদ্যুতের চলমান সংকট মোকাবিলায় সরকারকে কার্যকর বিকল্প পরিকল্পনা দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, সংকট নিয়ে রাজপথে আন্দোলনের কর্মসূচি দেওয়ার পাশাপাশি কীভাবে দেশের জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা যায়, সে বিষয়ে বিরোধী দলকে সুনির্দিষ্ট প্রস্তাব দিতে হবে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ঢাকার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, গ্যাস ও বিদ্যুতের দাবিতে লংমার্চ কিংবা অন্যান্য রাজনৈতিক কর্মসূচি দেওয়া গণতান্ত্রিক অধিকারের অংশ। তবে এর পাশাপাশি সংকট সমাধানে বাস্তবসম্মত বিকল্প পথও দেখানো প্রয়োজন।

তিনি বলেন, ‘আমরা কীভাবে গ্যাস ও বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করতে পারি, কোথা থেকে জ্বালানি সংগ্রহ করা সম্ভব—এসব বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব দিতে হবে।’

সংসদে সরকারের সমালোচনা ও বিভিন্ন বিষয়ে মতামত দেওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে উল্লেখ করে রিজভী বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি গঠনমূলক পরামর্শও জরুরি।

তিনি আরও সতর্ক করে বলেন, পরিকল্পিতভাবে দেশে অচলাবস্থা সৃষ্টি করা কোনোভাবেই কাম্য নয়। সংকট আরও জটিল না করে কীভাবে দ্রুত পরিস্থিতির উন্নতি করা যায়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণ তুলে ধরে রিজভী বলেন, আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতি এবং হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহনে বাধার কারণে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে জ্বালানি আমদানিতেও।

তার ভাষ্য, বর্তমান সংকট কেবল সরকারের কোনো একক সিদ্ধান্তের কারণে তৈরি হয়নি; বৈশ্বিক পরিস্থিতিরও এতে বড় প্রভাব রয়েছে। একই সঙ্গে অতীতের ভুল নীতির পুনরাবৃত্তি করা হলে পরিস্থিতি আরও কঠিন হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

অনুষ্ঠানে জুলাই আন্দোলনে সাংস্কৃতিক অঙ্গনের ভূমিকার কথাও স্মরণ করেন রিজভী। তিনি বলেন, গান, নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা আন্দোলনকারীদের মধ্যে সাহস ও উদ্দীপনা সৃষ্টি করেছিল।

বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি ফারহানা বেবীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন উজ্জ্বল, কবি রেজাউদ্দিন স্ট্যালিন, অভিনেতা হেলাল খান ও জাকির হোসেন রুকনসহ অনেকে।

আলোচনা পর্ব শেষে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন।

এসএ