Image description

হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া থেকে অপহৃত স্কুলছাত্র সৈয়দ সাদাফকে (১৪) সিলেটের শাহপরান এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করার পর চিকিৎসার জন্য সিলেটের আল হারামাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উদ্ধার হওয়া সৈয়দ সাদাফ মাধবপুরের নোয়াপাড়া সৈয়দ সঈদ উদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র। সে সায়হাম স্পিনিং মিলের স্টোর অফিসার সৈয়দ শাহীনের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নোয়াপাড়া বাজার থেকে বিস্কুট কিনতে গিয়ে নিখোঁজ হয় সাদাফ। দীর্ঘ সময় বাড়ি না ফেরায় এলাকায় মাইকিং করা হয় এবং সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেন পরিবারের সদস্যরা।

শুক্রবার সকাল ৮টার দিকে সিলেটের জাফলং সড়কের শাহপরান এলাকার এক হোটেল মালিক সাদাফের বাবার মোবাইল ফোনে কল করে জানান যে, ছেলেটি তার কাছে রয়েছে। খবর পেয়ে সিলেটে অবস্থানরত সাদাফের চাচা সৈয়দ সুলতান দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন।

সাদাফের বাবার দেওয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় নোয়াপাড়া থেকে অজ্ঞাত ব্যক্তিরা মাইক্রোবাসে করে সাদাফকে তুলে নিয়ে যায়। পরে গভীর রাতে তাকে সিলেটের জাফলং সড়কে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়। সেখান থেকে সকালে সিএনজিচালিত অটোরিকশায় করে শাহপরান এলাকায় পৌঁছে একটি হোটেলে আশ্রয় নেয় সাদাফ। সেখানেই সে হোটেল মালিককে বিস্তারিত ঘটনা জানায়।

কারা এবং কী উদ্দেশ্যে স্কুলছাত্র সাদাফকে অপহরণ করে নিয়ে গিয়েছিল, তা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের সদস্য ও স্থানীয়রা এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

ডিআর