Image description

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি (জন্মাষ্টমী) উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বিশ্বম্ভরপুর উপজেলা শাখার আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।

সকালে এক আনন্দ শোভাযাত্রা কৃষ্ণনগর কেন্দ্রীয় মন্দির থেকে শুরু হয়ে বাঘমারা দুর্গা মন্দির পর্যন্ত প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সকিনা আক্তার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মাহফুজুর রহমান, বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহমদুল্লাহ, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মো. আশিকুর রহমান আশিক ও উপজেলা যুবদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম। শোভাযাত্রা চলাকালে ইউএনও সকিনা আক্তার জন্মাষ্টমী উপলক্ষে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান।

শোভাযাত্রা শেষে বাঘমারা দুর্গা মন্দিরে জন্মাষ্টমীর তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার বর্মনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিজিত মৈত্রের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক বিনন্দ বিশ্বাস। সভায় আরও বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সুকেশ চন্দ্র দেবনাথ, নতুনপাড়া গীতা সংঘের সভাপতি দিলীপ রঞ্জন বিশ্বাস, আঞ্চলিক হরিবাসরের সভাপতি দয়াল বর্মন, সমাজসেবক মিঠু রঞ্জন দাস, সুবল পাল ও বিপ্লব ভৌমিক প্রমুখ।

এই আয়োজনে সহযোগিতা করে উপজেলা বারগ্রাম আঞ্চলিক হরিবাসন, নতুনপাড়া গীতা সংঘ, আদুখালী যুব সংঘ, মাঝাইর মহিলা গীতা সংঘ, কৃষ্ণনগর হরিবাসর সংঘ এবং শক্তিয়ারখলা মহিলা হরিবাসর সংঘ। এছাড়াও শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে দেশ ও জাতির মঙ্গল কামনায় শ্রী শ্রী গীতাযজ্ঞ, বিশেষ প্রার্থনা ও শ্রীকৃষ্ণ পূজা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার শত শত ভক্তবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠানটি সফল করেন।

ডিআর