বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় পাথরবাহী ট্রাকের ধাক্কায় আকবর আলী(৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) সন্ধ্যা ৭টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের মোকামতলা বন্দরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আকবর আলী বগুড়ার গাবতলি উপজেলার পাঁচপাইকা গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে আকবর আলী মোকামতলা বন্দরে বগুড়া-রংপুর মহাসড়কের পূর্বপাশ থেকে পশ্চিমপাশে পার হচ্ছিলেন। এসময় রংপুর দিক থেকে আসা ঢাকাগামী একটি পাথরবোঝাই ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে সড়কে লুটিয়ে পড়েন আকবর আলী। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়া হাসপাতে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সেখান থেকে বগুড়া নেওয়ার পথে মারা যান আকবর আলী। পরে মরদেহ বাড়িতে নিয়ে যান নিহতের পরিবারের লোকজন।
কুন্দারহাট হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম মানবকণ্ঠকে জানান, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে নিহতের বাসায় যান। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল মর্গে পাঠানো হবে। এঘটনায় ঘাতক ট্রাকটি আটক করে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের হেফাজতে রাখা হয়েছে।




Comments