Image description

সিরাজগঞ্জের রায়গঞ্জে বিটুমিনবাহী একটি ট্রাক উল্টে রাবেয়া খাতুন (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) ভোর ৬টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের দাদপুর সাহেবগঞ্জ আন্ডারপাস সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রাবেয়া খাতুন উপজেলার দাদপুর সাহেবগঞ্জ (মধ্যপাড়া) গ্রামের কোবাদ আলীর স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে বগুড়াগামী উত্তপ্ত তরল বিটুমিনবাহী একটি ড্রাম ট্রাক আন্ডারপাস এড়িয়ে পাশের বিকল্প সড়ক দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়া রাবেয়া খাতুন ট্রাকের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মানবকণ্ঠ/ডিআর