Image description

সিরাজগঞ্জের বেলকুচিতে যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারিচালিত অটোভ্যানের তিন আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে বেলকুচি উপজেলার মেঘুল্লা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—উপজেলার আজুগড়া হিজলতলা এলাকার বছের সরকারের ছেলে মোতালেব হোসেন (৪৫), তার স্ত্রী ফজিলা খাতুন (৩৫) এবং আজুগড়া জামতৈল গ্রামের সোনাউল্লা মুন্সীর ছেলে ও ভ্যানচালক নূরুল ইসলাম (৩৫)। এ ঘটনায় মোতালেব হোসেনের মেয়ে তামান্না খাতুন (১৬) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে মোতালেব হোসেন তার স্ত্রী ও সন্তানকে নিয়ে ভ্যানযোগে উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। মেঘুল্লা এলাকায় পৌঁছালে হঠাৎ ভ্যানটির এক্সেল রড ভেঙে যায় এবং আরোহীরা সড়কের ওপর ছিটকে পড়েন। ঠিক সেই সময় এনায়েতপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি দ্রুতগতির বাস তাদের বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর পড়ে থাকা লোকজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক নূরুল ইসলাম ও ফজিলা খাতুন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় মোতালেব হোসেনের।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ঘাতক বাসটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে আটকে আছে। আহত তামান্নাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।